জুম তাদের বিজনেস ফিচারে মেইল সার্ভিস ও ক্যালেন্ডার পরিষেবা চালু করতে যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক জুমটোপিয়া ইভেন্টে এ ঘোষণা দেয়া হয়। নতুন চালু ফিচারটি এরই মধ্যে জুমের বেটা ভার্সনে দেখা যাচ্ছে। ফিচারটি চালু করায় টিম চ্যাট, হোয়াইটবোর্ড, ফোন ও মিটিংগুলোয় অন্যান্য ফিচারের পাশাপাশি মাইক্রোসফটের আউটলুকের মতো মেইল ও ক্যালেন্ডার পরিষেবা এখন থেকে জুমের ইন্টারফেসে ব্যবহার করা যাবে। খবর দ্য ভার্জ।
জুম টিম চ্যাট পরিষেবা প্রকাশের দ্বারা সংস্থাটি এরই মধ্যে স্ল্যাক ও মাইক্রোসফট টিমকে বলা যায় কিছুটা পেছনেই ফেলতে যাচ্ছে। এখন থেকে তাত্ক্ষণিক যোগাযোগ, ভিডিও ও ই-মেইলসহ সম্পূর্ণ নতুন সুবিধা পাওয়া যাবে জুমে। ফলে জুম মাইক্রোসফটের ৩৬৫ (অফিস প্রোগ্রাম ৩৬৫)-এর মতো পরিষেবা দেয়ার খুব কাছাকাছি অবস্থান করছে। বিশেষ করে জুম কোম্পানিগুলোর ব্যবহূত ই-মেইল পরিষেবার সঙ্গে যোগাযোগ করার সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে যদি জুম তাদের প্রযুক্তি টিমকে আরো শক্তিশালী করে এর উন্নতিতে কাজ করে তাহলে তাদের সামনে বেশ ভালো সুযোগ রয়েছে।
কেননা বিশ্বব্যাপী কভিড মহামারীর প্রভাবে কোনোমতে টিকে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পুরনো ই-মেইল সার্ভার আরো নিরাপদ প্লাটফর্মে স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। অবশ্য যদি ওই প্রতিষ্ঠানগুলোর তাদের রক্ষণাবেক্ষণের জন্য আইটি কর্মীদের অভাব থাকে। এখন জুম মেইল ও ক্যালেন্ডার পরিষেবা হলো একটি ভালো সমাধান, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেসের পরিবর্তে বেছে নিতে পারে। তারা সম্ভবত আগে থেকেই জুম মিটিং পরিষেবাটি ব্যবহার করে আসছে?
জুমের প্রডাক্ট সলিউশন অ্যান্ড ইন্ডাস্ট্রি মার্কেটিং প্রধান জোসেফ চং প্রতিষ্ঠানটির একটি ব্লগে লিখেছেন, জুম ই-মেইল পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপ্ট পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া অল-ইন-ওয়ান সুবিধাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জুম ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটিং করার সময় এবং ভিডিও মিটিং চলাকালে বা ক্লায়েন্টের ই-মেইল উত্তর দেয়ার জন্য অ্যাপ পাল্টানোর প্রয়োজন না হয়। অর্থাৎ একই অ্যাপে করা যাবে সব কাজ।
জুমের সদ্য আপডেট হওয়া মেইল ও ক্যালেন্ডার ওয়েবপেজ নতুন একটি —জেডমেইল ডটকম ডোমেইন চালু করেছে, যা গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে পারে। তবে জুম ওয়ান বিজনেস প্ল্যান গ্রাহকরা তাদের নিজস্ব কাস্টম ডোমেইন তৈরি করতে পারবে। জুমের নতুন একটি পৃষ্ঠা নিশ্চিত করে যাতে জুম মেইল ও ক্যালেন্ডার ক্লায়েন্ট হিসেবে গুগল ও মাইক্রোসফট ৩৬৫ পরিষেবাগুলো পারস্পরিকভাবে যুক্ত থাকতে পারে।










