আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি ফিচার যুক্ত করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে অন্যতম একটি অনলাইন স্ট্যাটাস আড়াল করে রাখা। খবর টেকটাইমস।
মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি এ ফিচারের উন্নয়নে কাজ করছে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ফিচারটি যুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপ বেটা আইওএস প্লাটফর্মে যুক্ত হতে যাওয়া ফিচারটির বিষয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কয়েক বছর ধরে ব্যবহারকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্লাটফর্মটি ফিচারটির উন্নয়ন কার্যক্রম শুরু করল।
নতুন ফিচারটি আইওএস অ্যাপের প্রাইভেসি সেটিংসে পাওয়া যাবে। তবে এটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য প্লাটফর্মের পক্ষ থেকে জানানো হয়নি। ৯টু৫ম্যাকের তথ্যানুযায়ী, একবার ফিচারটি উন্মুক্ত করা হলে ব্যবহারকারীরা তাদের অনলাইন স্ট্যাটাস অন্যদের থেকে আড়াল করতে পারবে। ব্যবহারকারীরা যদি লাস্ট সিনের জন্য মাই কন্টাক্টস এবং অনলাইনের জন্য একই অপশন নির্বাচন করে, তাহলে কন্টাক্টের বাইরে থাকা কেউ অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে না।
২০২১ সালে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি মেসেজ দেখার সময় আড়াল রাখার ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে মেসেজ কখন দেখা হয়েছে সে সময় আড়ালে থাকত। আসন্ন ফিচারটি মেসেজ দেখার সময় আড়ালের পাশাপাশি অনলাইন স্ট্যাটাসও আড়াল রাখার সুবিধা দেবে। আইওএস বেটার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ভার্সনেও ফিচারটি চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










