কানাডায় পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি সেবায় হুয়াওয়ে ও জিটিইকে নিষিদ্ধ ঘোষণার দিয়েছে ট্রুডো সরকার। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এ অভিযোগে চীনের দুটি বৃহত্তম টেলিকম সরঞ্জাম নির্মাতাকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে দেশটির শিল্পমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন। তবে কবে থেকে নিষিদ্ধ করা হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি।

শিল্পমন্ত্রী বলেন, এ পদক্ষেপটি কানাডার মোবাইল ইন্টারনেট পরিষেবার উন্নতি করবে।পাশাপাশি এটি কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করবে।আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পর্যালোচনা এবং মিত্রদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন বলেন, কানাডার সরকার টেলিযোগাযোগ অবকাঠামো রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।এ ঘোষণা কার্যকর হলে দেশটির টেলিকম সংস্থাকে আর হুয়াওয়ে ও জিটিইর তৈরি সরঞ্জামগুলি ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। এরই মধ্যে যারা চীনা নির্মাতাদের তৈরি সরঞ্জামগুলি ইনস্টল করেছে তাদের এখন অবশ্যই এটি সরিয়ে ফেলতে হবে বলেও জানান এ মন্ত্রী। 

কানাডা সরকারের এমন সিদ্ধান্তে কানাডায় চীনা দূতাবাস, হুয়াওয়ে ও জিটিই কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না শর্তে চীনা দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্স বার্তা সংস্থাকে জানান, কানাডার উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে "রাজনৈতিক কারসাজির অজুহাত" হিসাবে দেখছে বেইজিং। তার দাবি, কানাডা চীনা কোম্পানিগুলিকে দমন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অভিযোগও করেছেন।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অভিযোগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ এরইমধ্যে চীনের দুটি বৃহত্তম টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।