সাশ্রয়ী মূল্যের আরো একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ। প্রিমো জিএইচ টেনআই মডেলের স্মার্টফোনটিকে দি ইন্টেলিজেন্ট সুপারহিরো আখ্যা দেয়া হয়েছে। প্রিমো জিএইচ টেনের উন্নত সংস্করণ এটি। উন্নত ডিজাইনের ফোনটিতে বড় পর্দার এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি, আপডেটেড ১২ ন্যানোমিটার প্রসেসরসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, রয়েল ব্লু এবং এমারেল্ড গ্রিন রঙের প্রিমো জিএইচ টেনআই ফোনটিতে রয়েছে স্মার্ট শেডস। ফোনটিতে ব্যবহূত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ২০:৯ রেশিওর ভি-নচ ডিসপ্লে। ৬ দশমিক ৫২ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজল্যুশন ১৫৬০X৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধুলো ও স্ক্র্যাচ প্রতিরোধী ২.৫ডি কার্ভড গ্লাস।

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) রয়েছে। এতে ২.০ গিগাহার্টজের ইউনিসক টাইগার টি৩১০ এআরএম কর্টেক্স এ৭৫ প্রসেসর দেয়া হয়েছে। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিটি৭২০০ গ্রাফিকস এবং ২ গিগাবাইট র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ডিভাইসে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

প্রিমো জিএইচ টেনআই সেলফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশ ও পিডিএএফ প্রযুক্তিযুক্ত এআই ট্রিপল ক্যামেরা রয়েছে। ১/৪ ইঞ্চির সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিশ্চিত করবে ঝকঝকে উজ্জ্বল ছবি। পাশাপাশি রয়েছে ডেপথ ক্যামেরা ও ম্যাক্রো সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য এ ফোনের সামনে রয়েছে এফ/২.২ অ্যাপারচার ও পিডিএএফযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

স্মার্টফোনটিতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দেয়া হয়েছে। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

বাংলাদেশে তৈরি এ স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে। ভ্যাট ছাড়া স্মার্টফোনটির মূল্য ৭ হাজার ৯৯৯ টাকা।