মেটাভার্স ও অ্যাভাটারের ধারণাকে সর্বজনীনভাবে গ্রহণের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং প্লাটফর্মে অ্যাভাটার যুক্তের পরিকল্পনা নিয়েছে মেটা। খবর গ্যাজেটসনাউ।

প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটার বিশ্বাস অনলাইনে সামাজিক সম্প্রদায়ের ভবিষ্যৎ হচ্ছে মেটাভার্স। এ বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি প্রথমে ফেসবুক ও পরে ইনস্টাগ্রামে অ্যাভাটার ফিচার চালু করে। বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে ফিচারটি যুক্তের মাধ্যমে মেটার অ্যাপগুলোর ইকোসিস্টেম পরিবর্তনে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের আসন্ন অ্যাভাটার ফিচারটি উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উত্ফুল্ল করবে। তবে আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের আপাতত মেমোজিস ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপের আইপ্যাড ও ম্যাকওএস ভার্সনের উন্নয়নেও কাজ করছে। নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য আলাদা অ্যাভাটার তৈরির বিড়ম্বনা থেকে ব্যবহারকারীদের মুক্তি দেবে।

ওয়াবেটাইনফো এক ব্লগপোস্টে অ্যাভাটার যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ কী ফিচার নিয়ে কাজ করছে সে বিষয়ে তথ্য প্রকাশ করেছে। পোস্টে পরীক্ষামূলক পর্যায়ে থাকা ফিচারটি ভিডিও কলিংয়ের সময় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ইউজার ইন্টারফেসেও পরিবর্তন আসবে।

 নতুন ইন্টারফেসে ভিডিওর নিচে বাটন যুক্ত করা হবে। তবে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এখনো এটি চালু করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি সম্প্রতি ইনস্টাগ্রামে যুক্ত করা নতুন আরেকটি অ্যাভাটার ফিচারও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। এছাড়া অ্যাভাটার এডিটর নামে আরেকটি অংশও যুক্ত হবে। এটি ব্যবহারের মাধ্যমে চ্যাটে অ্যাভাটারকে স্টিকার হিসেবে ব্যবহার করা যাবে।