সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক। গতকাল শুক্রবার এই ঘোষণা দেন বিশ্বের এই শীর্ষ ধনী। খবর রয়টার্স।

 

খবরে বলা হয়েছে, টুইটারের পক্ষ থেকে ফেইক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন। এছাড়া টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন।

 

ইলন মাস্কের আইনজীবী বলেছেন, টুইটারকে তাদের প্ল্যাটফর্মের ফেক ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য দিতে একাধিকবার অনুরোধ করা হয়।  সেটি দিতে ব্যর্থ হয়েছে। তারা সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল দিক।

 

এদিকে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর টুইট বার্তায় বলেছেন, চুক্তি কার্যকর করার জন্য টুইটার বোর্ড আইনি পদক্ষেপ নেবে।

 

মাস্ককে টুইটারের পক্ষে থেকে জানানো হয়, প্ল্যাটফর্মটিতে দৈনিক ব্যবহারকারীদের মধ্যে স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের কম। তবে তিনি মনে করেন, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি।

 

গত এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তিতে আবদ্ধ হন ইলন মাস্ক। চুক্তির শর্ত ছিল, যদি কোনো কারণে প্রতিষ্ঠানটি কেনার চুক্তি বাতিল করে বা আর্থিক লেনদেন সম্পূর্ণ না করে, তাহলে টুইটার কর্তৃপক্ষকে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইলন মাস্ককে।