মাগুরায় চালু হলো ‘প্রিয় জেলা ডটকম’ নামে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের জীবন আরো একটু সহজ করতে কাজ করবে এ ওয়েবসাইট ও অ্যাপ। এর মাধ্যমে মানুষ ঘরে বসে তার সেলফোন বা কম্পিউটার ব্যবহার করে যেকোনো সেবা গ্রহণ বা প্রদান করতে পারবে। প্রাথমিকভাবে ৯টি বিষয়ের ২৬ ধরনের তথ্যসেবা পাবেন নাগরিকেরা।
আজ শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানান, এটি ব্যবহার করে যে কোনো মানুষ বিনামূল্যে তার সেবার বিজ্ঞাপন দিতে এবং সেবা গ্রহণকারী পছন্দমতো সেবা বেছে নিতে পারবে। প্রিয় জেলা ডটকম একটি সেবামূলক অ্যাপ এবং মাগুরাবাসী বিনামূল্যে এর সেবা গ্রহণ করতে পারবেন।
যেসব ক্যাটাগরির সেবা পাওয়া যাবে সেগুলো হলো, শিক্ষা, স্বাস্থ্য, আইন, চাকরি, ভাড়া, সরকারি সেবা, সৌন্দর্যায়ন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ক্রয়-বিক্রয়।
প্রিয় জেলা ডটকমের প্রতিষ্ঠাতা আশরাফুল আহসান বলেন, এ অ্যাপ ব্যবহার করে যে কেউ কোথায় কখন কোন ডাক্তার সেবা দেবেন তা জানতে পারবেন। প্রয়োজনে বাসায় গিয়েও চিকিৎসক সেবা দেবেন। এছাড়া ভালো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে দিতে সহায়তা করবে প্রিয়জেলা। চাইলে একজন শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটে নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করতে পারবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী বাছাই করে নেবেন সেবাগ্রহীতা।
মাগুরায় প্রিয়জেলা ডট কম পাইলট প্রজেক্ট হিসেবে কার্যক্রম শুরু করেছে। এর সফলতার উপর ভিত্তি করে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশে এর কার্যক্রম শুরু করা হবে।
আশরাফুল আহসান আরো বলেন, দেশে জেলাভিত্তিক একটি কমিউনিটি তৈরির মাধ্যমে কর্মসস্থান ও উদ্যোক্তা তৈরি তাদের উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তি যেমন-আইওটি, মেশিন লার্নিং, রোবোটিক্স ইত্যাদি ব্যবহার করে প্রযুক্তির সর্বোচ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তারা।










