মোবাইল ফোন অপারেটর বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্ভিসের মার্কেটপ্লেস অ্যাপলিংক চালু করেছে। গ্রাহকদের সঙ্গে স্থানীয় ডেভেলপারদের সংযুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। গ্রাহকদের সহজে ডিজিটাল সার্ভিস কেনার সুবিধা দেয়ার পাশাপাশি এটি ডেভেলপারদের জন্য আয়ের সুযোগও সৃষ্টি করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল সার্ভিসের মার্কেটপ্লেস অ্যাপলিংক উদ্বোধন করেন । রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, বাংলালিংক-এর প্রধান নির্বাহী এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় ডেভেলপাররা https://dev.applink.com.bd ভিজিট করে নিবন্ধন সম্পন্ন করার পর অ্যাপলিংক প্ল্যাটফর্মে এসএমএস, ইউএসএসডি ও বিলিং সংযোগের মতো প্রয়োজনীয় সব টুলস এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) পাবেন। এই প্ল্যাটফর্মে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কৃষি, জনসেবা, বিনোদন ও ব্যবসাসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস পাবলিশ ও আয় করা যাবে।
বাংলালিংক গ্রাহকরা https://applink.com.bd ভিজিট করে মোবাইল এয়ারটাইম ব্যালেন্স দিয়ে তাদের পছন্দের সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নের মাধ্যমে কীভাবে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা এই উদ্যোগে প্রতিফলিত হবে। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, আমরা দুটি উদ্দেশ্য নিয়ে অ্যাপলিংক চালু করেছি। প্রথমত, এই নতুন ডিজিটাল ইকোসিস্টেমটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের ক্ষমতায়ন করবে। তারা উপার্জনের পাশাপাশি তাদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের সেবা ও অ্যাপ কিনতে পারবেন।










