গত মার্চে তাইওয়ানের ইলেকট্রনিক যন্ত্রাংশ রফতানি হয়েছে ১ হাজার ৮২৩ কোটি ডলার। ফেব্রুয়ারির চেয়ে যা বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ৩৫ দশমিক ৬ শতাংশ। দেশটির অর্থ মন্ত্রণালয় (এমওএফ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিভিন্ন দেশে করোনা মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হওয়ায় সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন যন্ত্রাংশের চাহিদা বৃদ্ধি এতে প্রভাব রেখেছে। খবর ডিজিটাইমস।

তাইওয়ানের অর্থ মন্ত্রণালয় বলছে, মার্চে তাইওয়ানের রফতানি হয়েছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেড়েছে এবং তা বছরওয়ারি বেড়েছে ২১ দশমিক ৩ শতাংশ। একই মাসে তাইওয়ানের আমদানিও রেকর্ড ২০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৪ কোটি ডলার। ফেব্রুয়ারির তুলনায় দেশটির আমদানি বেড়েছে ২০ দশমিক ৩ শতাংশ।

১ হাজার ৮২৩ কোটি ডলার নিয়ে তাইওয়ানের সর্বোচ্চ রফতানি খাত ছিল ইলেকট্রনিক যন্ত্রাংশ। এ সেগমেন্টে ইন্টিগ্রেটেড সার্কিটের (আইসি) শেয়ার ৯২ দশমিক ১ শতাংশ।

জানুয়ারি থেকে মার্চে তাইওয়ানের রফতানি হয়েছে ১২ হাজার ৯৩ কোটি ডলার, যা বছরওয়ারি বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ। একই সময়ে দেশটির আমদানি হয়েছে ১০ হাজার ৫৪৬ কোটি ডলার, যা বছরওয়ারি বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ।

তাইওয়ানের পণ্যের প্রধান রফতানি কেন্দ্র ছিল চীন (হংকংসহ)। মার্চে দেশটির মোট রফতানির ৪১ দশমিক ৪ শতাংশ সম্পন্ন হয়েছে এখানে।