নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ হ্যাকাথন একটানা ৩৬ ঘণ্টা চলল।

পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানিত অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য তানভীর হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড টিমে যেসব সম্ভাবনাময় তরুণ কাজ করে তাদের মধ্যে আমি আগামীর বাংলাদেশকে খুঁজে পাই। বিশেষত, পঞ্চম শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো প্রতিযোগিতার গুরুত্ব অনস্বীকার্য।

স্বাগত বক্তব্যে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এর আহ্বায়ক তানভীর হোসেন খান বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এ এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। সেখান থেকে শীর্ষ ১১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ও বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে দুদিনব্যাপী হ্যাকাথন অনুষ্ঠিত হয়।

আইইউবির উপাচার্য বলেন, এর আগে দুই বছর আমাদের দেশের তরুণ প্রতিযোগীরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবারো আমি আশা করব এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে। বিশেষত স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে এ রকম প্রতিযোগিতার বিকল্প নেই বলে আমি মনে করি।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এ বিজয়ী হয়েছেন: ঢাকা—চ্যাম্পিয়ন: ইন্টারস্টেলা, রানার্সআপ: টিম ছায়াপথ, দ্বিতীয় রানার্সআপ: টিম যান্ত্রিক, চট্টগ্রাম—চ্যাম্পিয়ন: ঐক্য, রানার্সআপ: স্পেস আই, দ্বিতীয় রানার্সআপ: ব্লু মার্বেল, রাজশাহী—চ্যাম্পিয়ন: টিম প্লেব্যাক, রানার্সআপ: গ্রিন আর্থ, দ্বিতীয় রানার্সআপ: টিম ক্রিপ্টোনাইট।

কুমিল্লা—চ্যাম্পিয়ন: ডায়মন্ড, রানার্সআপ: এক্সেপশন জিরো, দ্বিতীয় রানার্সআপ: টিম সি ওয়েভস, সিলেট—চ্যাম্পিয়ন: টিম ইকারুস, রানার্সআপ: মৃত্তিকা, দ্বিতীয় রানার্সআপ: টিম পপিন, খুলনা—চ্যাম্পিয়ন: ইনভিজিবল ম্যাটেরিয়াল, রানার্সআপ: টিম গ্রাভিটন, দ্বিতীয় রানার্সআপ: লাইভ ইন মঙ্গল।

বরিশাল—চ্যাম্পিয়ন: প্রিহিম প্রো, রানার্সআপ: সেভ আর্থ, দ্বিতীয় রানার্সআপ: ওয়াচটেক, রংপুর—চ্যাম্পিয়ন: ফ্লাই হাই, রানার্সআপ: পার্কার্স ক্রু, দ্বিতীয় রানার্সআপ: কসমিক কিউরেটর।

ময়মনসিংহ—চ্যাম্পিয়ন: রেডশিফট, রানার্সআপ: বুয়েট নভোচারী, দ্বিতীয় রানার্সআপ: ইনসেপশন লাস্ট হোপ।