দেশজুড়ে মোবাইলে ফাইভজি সফটওয়্যার উন্নতিতে বিভিন্ন মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠানকে চাপ দেবে ভারত সরকার। অ্যাপল, স্যামসাংসহ অন্যান্য মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠানও এ তালিকায় রয়েছে। তবে সম্প্রতি চালু হওয়া কয়েকটি উচ্চগতির পরিষেবাসম্পন্ন মোবাইলের মডেল ফাইভজি সফটওয়্যার উন্নতির জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছে। এ কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশটির প্রযুক্তিবাজারে। খবর রয়টার্স।
১ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফাইভজি পরিষেবার উদ্বোধন করেন। ওই সময় ভারতের প্রধান টেলিকম অপারেটর রিলায়েন্স জিও জানায়, তারা দেশটির চারটি শহরে ফাইভজি পরিষেবা দেবে। পাশাপাশি এটির প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল জানায়, তারা আটটি শহরে এ সেবা সরবরাহ করবে। আগামী বছর ফাইভজি পরিষেবার আওতা বাড়ানো হবে বলেও জানায় টেলিকম প্রতিষ্ঠান দুটি। এয়ারটেল ও তিনটি মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুসারে, ভারতে অ্যাপল নির্মিত আইফোনের বিভিন্ন মডেলসহ সম্প্রতি চালু হওয়া আইফোন ১৪ ফাইভজি ব্যবহারের সফটওয়্যার সম্পন্ন নয়। একই সঙ্গে স্যামসাং প্রিমিয়ার মোবাইলগুলোর মধ্যে অধিকাংশই ফাইভজি ব্যবহারের জন্য উপযোগী নয়।
সরকারি এক উপাত্তে বলা হয়, এ উদ্বেগের মধ্যেই মোবাইলে দেশব্যাপী ফাইভজি ব্যবহারের জন্য আজ একটি বৈঠক করবেন টেলিকম ও আইটি বিভাগের শীর্ষ আমলারা। এ বৈঠকে বিদেশী প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, ভিভো, শাওমিসহ দেশীয় টেলিকম অপারেটের রিলায়েন্স, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার শীর্ষ প্রধানরা উপস্থিত থাকবেন। ভারতজুড়ে দ্রুতগতির ফাইভজি পরিষেবার জন্য মোবাইলের সফটওয়্যার আপগ্রেড করার বিষয়টিই এ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় বলে জানা গিয়েছে।










