সার্কিট সাবস্ট্রেট ও ক্যামেরা মডিউলের উৎপাদন বাড়াতে আগামী এক বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা ১০৭ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি ইনোটেক। খবর দি ইলেক।

নতুন বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি উত্তর গেয়ংসাং প্রদেশের স্থানীয় সরকার ও রাজধানী গুমির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শহরের উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ২ লাখ ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে পঞ্চম প্ল্যান্টটি স্থাপনের জন্য ব্যবহার করা হবে। যেখানে আগামী বছর থেকে এফসি-বিজিএ অথবা ফ্লিপ চিপ বল গ্রিড সাবস্ট্রেটস উৎপাদন করা হবে।

গত ফেব্রুয়ারিতে এলজি ইনোটেক ভবিষ্যৎ বৃদ্ধির চালক হিসেবে এফসি-বিজিএর বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশের ঘোষণা দিয়েছে। এটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টর প্যাকেজিং সলিউশন। যেটি কম্পিউটার, সার্ভার ও নেটওয়ার্ক খাতে ব্যবহূত প্রসেসরগুলোর চিপ ও সাবস্ট্রেটসগুলো যুক্ত করে। সাম্প্রতিক সময়ে এর চাহিদা বাড়লেও জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে এফসি-বিজিএ সাবস্ট্রেটসের সরবরাহ সংকট চলমান।

ক্যামেরা মডিউল উৎপাদনের মাধ্যমেও প্রতিষ্ঠানটি ভালো আয় করে। গত বছর প্রতিষ্ঠানটি অপটিক্যাল সলিউশন ইউনিট বিক্রির মাধ্যমে ১১ দশমিক ৮ ট্রিলিয়ন ওন আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি। ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ক্যামেরা মডিউলের বাজারে প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। নতুন এডিশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুমিতে ৩ লাখ ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত তাদের পাঁচটি প্ল্যান্ট পরিচালনা করবে।