আইওএস প্লাটফর্মে পিকচার ইন পিকচার (পিআইপি) ফিচার বন্ধ করে দিয়েছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। ২০২১ সালের জুনে আইওএসের অ্যাপে ফিচারটির পরীক্ষা শুরু করেছিল প্লাটফর্মটি। চালুর প্রায় ১০ মাস পর এটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো। খবর গ্যাজেটস নাউ।

পিকচার ইন পিকচার ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি ভিডিওর জন্য অপেক্ষারত অবস্থায় অন্য ভিডিও দেখতে পারেন। বিশেষ করে বর্তমানে ইউটিউবে ভিডিও শুরুর আগে বিজ্ঞাপন দেখানো হয়। কোনো কোনো সময় ইন্টারনেটের সমস্যার কারণে ভিডিও লোড হতে সময় নেয়। সে সময়ে ব্যবহারকারীদের অন্য ভিডিও দেখার সুবিধা দেয় এ ফিচার।

৯টু৫গুগল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এর আগে ফিচারটি ইউটিউবের নিউ পেজ অপশনে দেখা যেত। পরবর্তী সময়ে এটি সরিয়ে ফেলা হয়। ব্যবহারকারীরা অ্যাপে ফিচার চালু ও বন্ধ না করতে পারায় পুরোপুরি সরিয়ে নেয়া হয়েছে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।

বন্ধ করার পর এখনো কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, যেসব ব্যবহারকারী প্রথম দিকে ফিচারটি চালু করেছিলেন, তারা এখনো এটি ব্যবহার করতে পারছেন। অ্যাপ থেকে পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এটি পাওয়া যাবে বলে জানা গেছে। প্রিমিয়াম সদস্যদের মধ্যে যারা আগে এটি চালু করেননি, তারা আর এটি ব্যবহার করতে পারবেন না।

আইওএস প্লাটফর্মে পিকচার ইন পিকচার ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি। ২০২১ সালে পরীক্ষা শুরুর পর থেকে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই এটি উন্মুক্ত করা হয়েছিল। তবে ইউটিউব টিভিতে ব্যবহারকারীরা এখনো ফিচারটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার পাশাপাশি বিজ্ঞাপনমুক্ত করে দেয়া হবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।