কিশোর ব্যবহারকারীদের আরো নিরাপদে প্লাটফর্ম ব্যবহারের সুবিধা দিতে ফেব্রুয়ারিতে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছিল টিকটক। এ উদ্যোগের সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে কয়েক সপ্তাহের মধ্যে কনটেন্ট লেভেলস নামের ফিচারটি চালু করা হবে। খবর এনগ্যাজেট।
সিনেমা বা ভিডিও গেম রেটিংয়ে যে পদ্ধতি ব্যবহার করা হয়, টিকটক তাদের নতুন ফিচারটিকে তার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ কিশোর ব্যবহারকারীদের ভিডিও ফিড থেকে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ভিডিও সরিয়ে দেয়া হবে। মূলত যেসব ভিডিও টিকটকের নীতিমালা ভঙ্গ করে না, কিন্তু কিশোর ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয়, সেগুলোয় এ ফিচার ব্যবহার করা হবে।
এক ব্লগপোস্টে টিকটক জানায়, নতুন ফিচার ও পরিবর্তনের মাধ্যমে ১৩-১৭ বছর বয়সী যেকোনো ব্যবহারকারীর সামনে যদি তাদের জন্য অযোগ্য ভিডিও কনটেন্ট চলে আসে, তখন সেটিতে বয়সের বিধিনিষেধ-সংক্রান্ত নোটিস দেখানো হবে। অর্থাৎ ভিডিওতে প্রাপ্তবয়স্কদের বিষয় বা কোনো জটিল বিষয়, যা কিশোরদের মনে ভীতি তৈরি করবে বা তাদের জন্য বেশি প্রভাব বিস্তারকারী, সেগুলোয় প্রাপ্তবয়স্কতা নির্ধারণে একটি স্কোর থাকবে এবং ১৮ বছরের কম বয়সীদের সেগুলো থেকে দূরে রাখা হবে।
কোন পদ্ধতিতে প্রাপ্তবয়স্কতা যাচাই করা হবে বা কোন বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে ভিডিও শনাক্ত করা হবে, সে বিষয়ে টিকটকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্লাটফর্মটি জানায়, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এতে আরো সুবিধা যুক্ত করা হবে।










