উইন্ডোজ ১১-এর জন্য ভয়েস ক্ল্যারিটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। হাইব্রিড ওয়ার্ক ইভেন্টের সময় প্রতিষ্ঠানটি ফিচারের বিষয়ে জানিয়েছিল। বর্তমানে সারফেস ল্যাপটপ স্টুডিওতে ফিচারটি চলমান রয়েছে। খবর গ্যাজেটস নাউ।
উইন্ডোজ লেটেস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই অন্যান্য ডিভাইসেও ফিচারটি চালু করবে। মাইক্রোসফটের তথ্যানুযায়ী ভয়েস ক্ল্যারিটি ফিচারটি প্রিমিয়াম অডিও প্রসেসিং ব্যবহারের মাধ্যমে অডিও কলকে আরো সাধারণভাবে উপস্থাপন করে। এটি অ্যাডভান্সড অডিও প্রসেসিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর আরো পরিষ্কারভাবে শুনতে সহায়তা করে এবং পারিপার্শ্বিক শব্দের মাত্রা কমিয়ে দেয়।
প্রতিষ্ঠানটির ব্লগপোস্টের তথ্যানুযায়ী, ফিচারটি ব্যবহারকারীর কথোপকথন থেকে হাসি, আবেগ, আত্মবিশ্বাসসহ যেকোনো অভিব্যক্তি শনাক্ত করতে পারে। যে কেউ চাইলে বাসার ভেতর হেঁটে কথা বলতে পারবে। এ সময় ফিচারটি ব্যবহারকারীর চারপাশে থাকা শব্দের মাত্রা কমিয়ে দেবে।










