ক্ষতিকর অ্যাপ ইনস্টল থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে নভেম্বরের শুরু থেকে প্লেস্টোরে থাকা পুরনো অ্যাপ বন্ধ করে দেবে গুগল। বিশেষ করে যারা সর্বাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে আপডেটেড থাকবে না, তাদের অ্যাপ বন্ধ করে দেয়া হবে। খবর আইএএনএস।

১ নভেম্বর থেকে যেসব অ্যাপ গত দুই বছরে আসা অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে (এপিআই) পরিচালিত হবে না, সেগুলোকে নতুন ব্যবহারকারীদের ইনস্টলের জন্য প্লেস্টোরে রাখা হবে না।

গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ক্রিশ ভিতালডেভারা বলেন, ভবিষ্যতে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে সঙ্গে এপিআই উইন্ডোতেও পরিবর্তন আনা হবে।

গুগল প্লের সর্বশেষ আপডেটেড নীতিমালা অনুযায়ী, যেসব অ্যাপে সর্বাধুনিক গোপনীয়তা ও নিরাপত্তা ফিচার নেই, সেগুলো ইনস্টল করা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্রতিষ্ঠানটি অতিরিক্ত কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে এপিআই টার্গেট লেভেলের পরিধি বাড়াচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

বর্তমানে কোনো অ্যাপ প্লেস্টোরে যুক্ত বা আপডেট করার ক্ষেত্রে গুগল এক বছর আগে উন্মুক্ত করা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত এপিআই লেভেল নিশ্চিতে নীতিমালা করেছে। যদি নতুন কোনো অ্যাপ বা আপডেট এটি অনুসরণ না করে, তাহলে সেটিকে প্লেস্টোরে প্রকাশের অনুমতি দেয়া হয় না। যেসব ব্যবহারকারী নতুন ও আপডেটেড অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করে, তারা গুগলের কাছ থেকে সামগ্রিক গোপনীয়তা ও নিরাপত্তা ফিচার পাওয়ার বিষয়ে আশাবাদী। বর্তমানে অধিকাংশ অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান গুগল প্লেস্টোরের নিয়ম মেনে চলে। এর পাশাপাশি সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রয়োজন অনুযায়ী ডেভেলপারদের নির্দেশনা দিচ্ছে।