মার্চে যুক্তরাজ্য থেকে ল্যাপসাস গ্রুপের সদস্য হিসেবে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার হওয়ার আগেই ল্যাপসাস গ্রুপ টি-মোবাইলের সোর্স কোড হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই দেখতে পেয়েছে দ্য ভার্জ। খবর এনগ্যাজেট।

প্রতিবেদনে নিরাপত্তা সাংবাদিক ব্রায়ান ক্রেবস টেলিগ্রাম মেসেজের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন। যেখানে টি-মোবাইলে হ্যাকারদের একাধিক হামলার তথ্য রয়েছে। ক্রেবসকে দেয়া এক বিবৃতিতে টি-মোবাইল জানায়, কয়েক সপ্তাহ আগে চুরীকৃত তথ্য ব্যবহারের মাধ্যমে একজন হ্যাকার আমাদের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়। আমাদের মনিটরিং টুলসে কার্যক্রমটি ধরা পড়ে।

তিনি বলেন, আমাদের নেটওয়ার্ক সিস্টেম ও কার্যক্রম পূর্বনির্ধারিত ডিজাইনে পরিচালিত। এ কারণে হামলার চেষ্টাটি দ্রুত পরিহার করা সম্ভব হয়েছে এবং সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, যে বা যারা অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করেছে তারা কোনো গ্রাহক বা সরকারি তথ্য কিংবা সে রকম কোনো সংবেদনশীল তথ্য চুরি করতে পারেনি।

রাশিয়ান মার্কেটের মতো ওয়েবসাইট থেকে কর্মীদের চুরীকৃত তথ্য কিনে হ্যাকাররা টি-মোবাইলের অভ্যন্তরীণ টুল ব্যবহার করতে সক্ষম হয়েছে। এরপর গ্রুপটি একাধিক সিম সোয়াপ হামলা পরিচালনা করেছে। এ ধরনের অনুপ্রবেশের ক্ষেত্রে হ্যাকাররা নির্ধারিত প্রতিষ্ঠান বা ব্যক্তির ফোন নম্বর তাদের নিয়ন্ত্রণে থাকা ডিভাইসে স্থানান্তর করে। এর মাধ্যমে হামলাকারীরা সিমটি ব্যবহারের মাধ্যমে এসএমএস পরিষেবা বন্ধের পাশাপাশি পাসওয়ার্ড রিসেট লিংক ও মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের জন্য পাঠানো ওয়ানটাইম কোডও হাতিয়ে নিতে পারে।