মহাবিশ্বের রঙিন ছবি পাঠাল নাসা। বিশ্বের শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে এ ছবি তোলা হয়েছে। নাসা থেকে জানানো হয়েছে, ছবিটি ১ হাজার ৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে এ ছবি প্রকাশ করেছেন। খবর রয়টার্স।

জো বাইডেন যে ছবিটি প্রকাশ করেছেন তা মহাবিশ্বের একটি অংশকে দেখায়। এর নাম দেয়া হয়েছে এসএমএসিএম ০৭২৩। ছবিটি প্রদর্শনের সময় জো বাইডেনের সঙ্গে উপস্থিত ছিলেন নাসার প্রধান বিল নেলসন। ছবিতে মহাবিশ্বে ছড়িয়ে থাকা বহু রশ্মি দেখা যায়। বলা হচ্ছে, এটি মহাবিশ্বের প্রাচীনতম চেহারা। ছবিটি প্রকাশ হতেই আলোড়ন শুরু হয়েছে। জো বাইডেনের মতে নাসার এ কাজ অভূতপূর্ব। যুক্তরাষ্ট্রসহ গোটা মানবসভ্যতার জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

বিল নেলসন বলেন, আমরা ১ হাজার ৩০০ কোটি বছর পেছনে তাকাচ্ছি। অর্থাৎ যে রূপ দেখা যাচ্ছে তা ১ হাজার ৩০০ কোটি বছর আগের। আলোকরশ্মি ভ্রমণ করে আসতে এত সময় নিয়েছে। বিল নেলসন জানিয়েছেন, নাসা আরো ছবি প্রকাশ করবে। পরের ছবিগুলো হতে পারে মহাবিশ্বের ১ হাজার ৪০০ বছর আগের রূপ।

জেমস ওয়েব টেলিস্কোপের কারণেই এটি সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, হাবল টেলিস্কোপের তুলনায় এটি কয়েক গুণ শক্তিশালী। গত বছরের ২৫ ডিসেম্বর টেলিস্কোপটি মহাশূন্যে পাঠানো হয়। প্রায় তিন যুগ ধরে নির্মিত হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। বিজ্ঞানীদের মতে, এ টেলিস্কোপ থেকে পাওয়া ছবি মহাবিশ্ব সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে পারে।