ফোরজি সিমকার্ডযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ বাজারজাতের পরিকল্পনা গ্রহণ করেছে রিলায়েন্স জিও। ভারতের মতো সংবেদনশীল বাজারে কম দামের জিওফোন চালুর মাধ্যমে যে সাফল্য পাওয়া গেছে, সেটি বজায় রাখতেই এ উদ্যোগ। অবগত দুটি সূত্রের বরাতে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।

জিওবুকের জন্য কোয়ালকম ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানি পরিচালিত কনগ্লোমারেটটি।  এছাড়া তাদের চিপকে শক্তিশালী করার জন্য আর্মের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়েছে। অন্যদিকে কিছু অ্যাপ পরিচালনায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম উৎপাদনকারীরা সহায়তা দেয়। ৪২ কোটির বেশি গ্রাহক নিয়ে জিও ভারতের অন্যতম বৃহৎ টেলিফোন নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান। তবে ল্যাপটপ বাজারজাতের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফোরজি সিমযুক্ত ল্যাপটপটি চলতি মাস থেকেই বিভিন্ন স্কুল ও সরকারি প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চালু করা হবে। সূত্রের তথ্যানুযায়ী, তিন মাসের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্যও ল্যাপটপটি বাজারজাত করা হবে বলে জানা গেছে। জিওফোনের মতো নতুন ডিভাইসটির একটি ফাইভজি ভার্সনও ভবিষ্যতে বাজারজাত করা হবে।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, গত বছরের শেষে বাজারজাত শুরুর পর এটি ভারতের বাজারে ১০০ ডলারের স্মার্টফোনের পরিবর্তে শীর্ষে জায়গা করে নিয়েছে এবং তিন প্রান্তিক ধরে বাজারের শীর্ষ পাঁচে অবস্থান করছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চুক্তির মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান ফ্লেক্সের সহায়তায় স্থানীয়ভাবে জিওবুক তৈরি করা হবে। আগামী মার্চ নাগাদ জিও কয়েক লাখ ডিভাইস বাজারজাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, গত বছর ভারতে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি হয়েছে ১ কোটি ৪৮ লাখ ইউনিট। বাজারের সিংহভাগ শেয়ার ছিল এইচপি, ডেল ও লেনোভোর। কাউন্টারপয়েন্টের গবেষক তরূণ পাঠক বলেন, জিওবুক বিক্রি শুরু হলে ভারতের ল্যাপটপ বাজার প্রায় ১৫ শতাংশ সম্প্রসারিত হবে।

নতুন ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম হিসেবে জিওওএস দেয়া হবে এবং জিওস্টোর থেকে ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড করতে পারবে।