সম্প্রতি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান অক্টোপাস ডাটার বিরুদ্ধে ডাটা স্ক্র্যাপিংয়ের অভিযোগ এনেছে মেটা। অক্টোপাস নামক একটি পরিষেবার মাধ্যমে ডাটা স্ক্র্যাপিং করে অক্টোপাস ডাটা। খবর টেক টাইমস।
কোনো ওয়েবসাইট থেকে গোপন তথ্য আমদানি করার পদ্ধতিকে ডাটা স্ক্র্যাপিং বলা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামে ডাটা স্ক্র্যাপিংয়ের জন্য অক্টোপাস ডাটার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা। এছাড়া একই কারণে একরেম এটস নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানটি।
পিসি ম্যাগ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতে এ মামলা করেছে মেটা। ব্যবহারকারীদের সুবিধার্থে ও গোপনীয়তা রক্ষায় শিগগিরই ডাটা স্ক্র্যাপিং বন্ধের জন্য মামলা করেছে মার্ক জাকারবার্গ মালিকানাধীন সংস্থাটি।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ই-মেইল অ্যাড্রেস, যোগাযোগ তথ্য ও জন্ম তারিখসহ বিভিন্ন তথ্য আমদানি করে অক্টোপাস ডাটা। ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইনস্টাগ্রামের ৩ লাখ ৫০ হাজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের জন্য একরেম এটসকে অনুমোদন দিয়েছিল মেটা। তবে পরবর্তী সময়ে ওই ব্যক্তি এ তথ্যগুলো ক্লোন সাইটে শেয়ার করা শুরু করেন।










