বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে নিজস্ব চিপ উৎপাদন ও ব্যবহারের দিক থেকে স্যামস্যাং অন্যতম। অ্যাপলের পাশাপাশি স্যামসাংও কোয়ালকম ও মিডিয়াটেকের চিপ ব্যবহার করত। সম্প্রতি মিড রেঞ্জ ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনেও নিজস্ব চিপ ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।

ঘোষণার তথ্যানুযায়ী সব ধরনের স্মার্টফোন উৎপাদনে নিজস্ব এক্সিনোস চিপ ব্যবহারের কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে গ্যালাক্সি এ ও এম সিরিজের স্মার্টফোন তৈরিতে অধিক মনোযোগী স্যামসাং। এ দুটি স্মার্টফোন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি উন্নত দেশ থেকে উদীয়মান বাজারে তাদের লক্ষ্য পরিবর্তনের আভাস দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাজার পরিবর্তনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের মিড-রেঞ্জ ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে নিজস্ব তৈরি এক্সিনোস চিপ ব্যবহার করবে। এরই মধ্যে সম্প্রতি উত্তর আমেরিকার বাজারে আনা গ্যালাক্সি এ১৩ ফোরজি স্মার্টফোনে এক্সিনোস ৮৫০ প্রসেসর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফাইভজি ভার্সনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

গ্যালাক্সি এ১২-এর উত্তরসূরি হচ্ছে এ১৩। ২০২১ সালে বিশ্বে স্যামসাং ৫ কোটি ১৮ লাখ ইউনিট এ১২ স্মার্টফোন বাজারজাত করেছে। এর মাধ্যমে এটি বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোনের আখ্যা পায়। সেই সঙ্গে এটি প্রথম স্মার্টফোন, যেটি ৫ কোটি ইউনিট স্পর্শ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ১৩-এ মিডিয়টেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছিল এবং এটি মিডিয়াটেকের বাজার বাড়াতে সহায়তা করে। গ্যালাক্সি এ১৩ ফোরজি স্মার্টফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের এক্সিনোস চিপের বাজার বাড়াতে চাইছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।