চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৪ শতাংশ কমে ১০ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে পিসি বিক্রি কমেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, চীনে কভিড-সংক্রান্ত বিধিনিষেধ, ভোক্তা ও শিক্ষা খাতে বিনিয়োগ হ্রাসের কারণে এপ্রিল-জুন প্রান্তিকে সার্বিক পিসি বিক্রি কমেছে। এদিকে টানা চতুর্থ প্রান্তিকের মতো বিক্রি কমেছে ক্রোমবুক ও ট্যাবলেট পিসির। বৈশ্বিক প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ট্যাব বিক্রি ১১ শতাংশ কমে ৩ কোটি ৪৮ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। অন্যদিকে ক্রোমবুক বিক্রি ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১ লাখ ইউনিট। ঘরে থেকে ক্লাস ও কাজের চাহিদা বৃদ্ধিতে করোনা মহামারীর লকডাউনের দিনগুলোয় বৈশ্বিক ট্যাব ও ক্রোমবুক বিক্রি রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছিল। কিন্তু কয়েক প্রান্তিক ধরেই ট্যাব ও ক্রোমবুক বিক্রি কমতে দেখা যাচ্ছে।