বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকির পাশাপাশি যেকোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় নিজস্ব বাহিনী তৈরির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক-ইওল। খবর গ্যাজেটসনাউ।

ইয়নহাপ নিউজ এজেন্সির তথ্যানুযায়ী, দেশটির ১১তম তথ্য নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে ২০১২ সালে আইনের মাধ্যমে এটি চালু করা হয়। তিনি বলেন, সাইবার হামলা যেকোনো মুহূর্তে সংঘটিত হতে পারে। আক্রমণের সময় হামলাকারীরা প্রাইভেট বা পাবলিক খাত বিবেচনা করে না। ফলে প্রতিষ্ঠানের অবকাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষও সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতে পারে। সাইবারযুদ্ধ পরিচালনায় ও দেশের সক্ষমতা বাড়াতে ইওন বেসরকারি ও সরকারি খাতের সমন্বয়ে সাইবার রিজার্ভ ফোর্স গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে দেশটির সাইবার নিরাপত্তা খাতে যে কর্মী সংকট, তা নিরসনে ইউনিভার্সিটি ও গ্র্যাজুয়েট স্কুলগুলোয় কোর্স চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন।