জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের জন্য পরিচিত কোম্পানি মোজিলা ফাউন্ডেশন ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে কোম্পানিটির প্রায় এক-তৃতীয়াংশ কর্মী চাকরি হারাবে। একই সঙ্গে কোম্পানিটি অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস ডিভিশনগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। খবর টেকর্যাডার।
যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি মোজিলার অলাভজনক শাখাটি জানিয়েছে, সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে তাদের সেগুলোর সঙ্গে মানিয়ে চলা বা সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মোজিলা ফাউন্ডেশন কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত মোজিলা ফাউন্ডেশন বর্তমানে প্রায় ১২০ জন কর্মী নিয়ে কাজ করছে। যেহেতু তারা তাদের কর্মী সংখ্যা ৩০ শতাংশ কমিয়ে আনছে, ফলে প্রায় ৩৬ জন কর্মী চাকরি হারাবেন।
এ বিষয় মোজিলা ফাউন্ডেশনের যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ডন বর্ম্যান বলছেন, তারা প্রতিষ্ঠানের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকরী করতে টিমগুলো পুনর্গঠন করছে। মোজিলা ফাউন্ডেশন বলছে, তারা অতীতে করা কিছু কাজ বন্ধ করে দেবে, ফলে কিছু কর্মী ছাঁটাই করা হবে।
এর আগে মোজিলা করপোরেশন (মোজিলার লাভজনক শাখা) চলতি বছর ফেব্রুয়ারিতে প্রায় ৬০ জন কর্মী ছাঁটাই করে, যা তাদের মোট কর্মী সংখ্যার প্রায় ৫ শতাংশ। উল্লেখ্য, মোজিলা আরো তিনটি সংস্থা পরিচালনা করে—মোজিলা ভেঞ্চারস (প্রযুক্তিতে বিনিয়োগ করে), মোজিলা.এআই (এআই গবেষণা ও উন্নয়ন ল্যাব) ও এমজেডএলএ (ই-মেইল সফটওয়্যার নির্মাতা)।










