যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও নিউইয়র্ক সিটির একাধিক রেস্টুরেন্টকে ওয়ান স্টার রিভিউ দেয়ার মাধ্যমে চাঁদা আদায়ের চেষ্টা চালাচ্ছে স্ক্যামাররা। কয়েক সপ্তাহ ধরে গুগলের রিভিউকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে হামলার সঙ্গে সম্পৃক্তরা। খবর এনগ্যাজেট।

প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা এটিকে সমন্বিত প্রচেষ্টা হিসেবে ধারণা করছেন। প্রথমে স্ক্যামাররা গুগল প্লে স্টোরে রেস্টুরেন্ট সম্পর্কে ওয়ান স্টার রেটিং দেয়। যখন ম্যাপে কেউ কিছু খুঁজতে যায় তখন এটি প্রকাশ্যে আসে। এর পর পরই রেস্টুরেন্টের মালিকের কাছে ক্ষমা প্রার্থনামূলক একটি ই-মেইল পাঠানো হয়। যেখানে ৭৫ ডলারের গুগল গিফট কার্ড চাওয়া হয়। যেটি পেলে এ ডিজিটাল বম্বিং বন্ধ করা হবে বলেও জানানো হয়।

নাইটবার্ডের শেফ ও পরিচালক কিম অল্টার এ হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। ৫ জুলাই গুগল রিভিউতে নেতিবাচক মন্তব্য করার পর তার কাছে অর্থ আদায়ের ই-মেইল আসে। ই-মেইলে বলা হয় হ্যালো। দুর্ভাগ্যবশত কারণে আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত নেতিবাচক মন্তব্যগুলো আমরাই করেছি। ভবিষ্যতেও এটি চলমান থাকবে এবং রিভিউ হিসেবে সামনে আসবে। আমাদের এ কর্মকাণ্ডের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু আমাদের আর কোনো পথ নেই। মূলত আমরা ভারতে বসবাস করছি এবং জীবনযাপনের জন্য আমাদের আর কোনো উপায় নেই। তাই আমরা আপনার কাছে ৭৫ ডলার মূল্যের গুগল প্লে গিফট কার্ড পাঠানোর অনুরোধ করছি।

অল্টার টুইটারে ই-মেইলটি শেয়ার করে এবং গুগলকে ট্যাগ করার মাধ্যমে এ ধরনের স্ক্যাম রিপোর্টে থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চায়। তবে এটি শুধু পশ্চিম উপকূলেই শুধু সীমাবদ্ধ ছিল না, যুক্তরাষ্ট্রজুড়ে এটি পরিচালিত হচ্ছে।