ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার সঙ্গে একটি চুক্তিতে গেছে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার সাইটেশন পরীক্ষায় সহায়তা করবে মেটা। এর আগে উইকিপিডিয়া এর এন্ট্রি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল। এর অগণিত ফুটনোট পরীক্ষা করা স্বেচ্ছাসেবকদের জন্যও কঠিন। এ কারণে মেটা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে, যা উইকিপিডিয়ার সাইটেশন পরীক্ষা করবে। খবর এনগ্যাজেটস।

মেটার তৈরি এ এআই উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলো স্ক্যান করে এর সত্যতা যাচাই করতে পারবে।

যেসব অনুচ্ছেদের উপযুক্ত তথ্যসূত্র নেই সেগুলোর জন্য সূত্রের সন্ধানও দেবে এটি। উইকিপিডিয়ার সম্পাদকরা নিজেদের সাধারণ বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে সূত্রের সত্যতা নির্ণয় করেন। এআই একই কাজ করে, কিন্তু এক্ষেত্রে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং (এনএলইউ) ব্যবহার করে। এর মাধ্যমে বাক্যের বিভিন্ন শব্দ ও শব্দবন্ধের মধ্যকার সম্পর্ক অনুসন্ধান করে। এক্ষেত্রে ১৩ কোটি ৪০ লাখ ওয়েবপেজ-সংবলিত মেটার স্ফেয়ার ডাটাবেজ এ ব্যবস্থার ‘নলেজ ইনডেক্স’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে প্রতিটি নিবন্ধের তথ্যসূত্রের উৎসটি খুঁজে বের করবে।

এর মধ্যেই মেটা তাদের এআইয়ের কাজের দৃষ্টান্ত দেখিয়েছে।

কোনো একটি বিষয়ে সরাসরি তথ্য উল্লেখ না থাকলেও মেটার এআই তা খুঁজে বের করতে পেরেছে। মডেলটির নির্মাতারা মনে করেন, এর মাধ্যমে অনলাইনে থাকা তথ্য ও তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা বাড়ানো সম্ভব হবে।