নারীদের প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়ানো ও আইসিটি ক্ষেত্রে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত হলো শিকোড। বিশ্ববিদ্যালয়ের অফিস অব ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড অ্যালামনাই রিলেশনসের সহযোগিতায় এ ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে সিনেসিস আইটি। এতে আইটি খাতের নারী পেশাজীবীরা বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ২৫ শতাংশ মেয়ে আইটি সেক্টরে পড়াশোনা করলেও পরবর্তী সময়ে মাত্র ১৩ শতাংশ মেয়ে আইটিকে পেশা হিসেবে বেছে নেয়। ফলে এ সেক্টরে একচেটিয়া পুরুষদের আধিপত্য। কিন্তু বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে আইটি খাত। প্রথাগত অফিস না করে বাসায় থেকে কাজের অফুরন্ত সুযোগ থাকায় বাংলাদেশের নারীদের জন্য আইটি খাত অনেক সম্ভাবনাময়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিকোড প্রোগ্রামের উদ্যোক্তা এবং সিনেসিস আইটির মহাব্যবস্থাপক ও বিজনেস সলিউশনস বিভাগের প্রধান নাজিয়া আক্তার বলেন, দেশের আইটি সেক্টর বেশ সম্ভাবনাময় হলেও মেয়েরা এ খাতে আসতে নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং অনুৎসাহিত বোধ করে। মূলত নারীদের অনুপ্রেরণা জোগানো, তাদের এ খাতে আগ্রহী করার উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি অতিদ্রুতই আমরা আরো বেশকিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করব, যাতে অধ্যয়নরত ছাত্রীরা আইটি খাতে অংশগ্রহণে আগ্রহী হয়। এতে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো আইটি ইন্ডাস্ট্রিতেও শক্তিশালী নারী নেতৃত্ব তৈরি হবে।
২০২২ সালের নারী দিবসে প্রথম শিকোড প্রোগ্রাম চালু করে সিনেসিস আইটি। এ প্রোগ্রামের আওতায় বছরজুড়ে বাংলাদেশের সব স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সেরা ট্যালেন্টদের কোডিংয়ে উৎসাহিত করা এবং সামনে নিয়ে আসার চেষ্টা করছে সিনেসিস আইটি। শিকোড উদ্যোগের লক্ষ্য হলো আইসিটি খাতে বিশেষ করে কোডিংয়ে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতে নেতৃত্বদানের জন্য তাদের অনুপ্রাণিত করা।










