কয়েক মাস ধরে বাজারে নিনতেনদোর নতুন সুইচ কনসোল ডিভাইস আনার বিষয়ে গুঞ্জন চলে আসছে। নতুন ডিভাইসটিকে সুইচ প্রো নাম দেয়া হতে পারে। আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানা গেলেও সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী বছর নতুন ডিভাইসটি বাজারে আনা হতে পারে। খবর গিজমোচায়না।
অন্যদিকে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি সুইচ প্রো মডেল বাজারজাত করবে না বলে জানিয়েছে। তবে পিক্সেলপারের এক টুইট বার্তায় ভিন্ন দাবি জানানো হয়েছে। বাজারজাতের পর থেকে সুইচ হ্যান্ডহেল্ড গেমিং কনসোল হিসেবে ভালো পরিচিতি অর্জন করেছে। এর ব্যবহারকারীরা বর্তমানে আরো শক্তিশালী ডিভাইসের চাহিদার কথা জানিয়ে আসছে। সেদিক বিবেচনায় প্রো মডেলটি বাজারজাত করা হলে সেটি সুইচ সিরিজে নতুন মাত্রা যোগ করবে।
প্রকাশিত টুইটের তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ কোনো এক সময়ে সুইচ প্রো ডিভাইসটি বাজারে আনা হতে পারে। টিপস্টার জানায়, নতুন মডেলে বিদ্যমান গেমগুলো চলবে এবং সুইচের মূল ডিভাইসেরও কিছু ফিচারও থাকবে। যদিও প্রযুক্তি বাজারে গুঞ্জন রয়েছে প্রো মডেলটি আগের ভার্সনের তুলনায় আরো বেশি কার্যকর। সুইচ প্রো ডিভাইসে বড় ডিসপ্লে ও ফোরকে সাপোর্ট ফিচারও থাকবে বলেও জানা গেছে।
নতুন হ্যান্ডহেল্ড কনসোলে আরো বেশি র্যাম ও এনভিডিয়ার আধুনিক টেগ্রা চিপসেট থাকতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ডিভাইসটি বাজারে উন্মোচন করা হতে পারে। তবে নিনতেনদো এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।










