নিয়ন্ত্রকদের অনুমতি ছাড়া চীনের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগের কারণে ফক্সকনকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার। এ বিষয়ে অবগত দুটি সূত্রে তা জানা গেছে। জরিমানার পরিমাণ ৮ লাখ ৩৫ হাজার ৬০০ ডলারের বেশি। খবর রয়টার্স।

বিশ্বের অন্যতম চুক্তিভিত্তিক বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকন জানায়, চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি ৭৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে চাইনিজ চিপ কনগ্লোমারেট সিংহুয়া ইউনিগ্রুপের অন্যতম শেয়ারহোল্ডারে পরিণত হয়েছে।

চীনের বিরুদ্ধে যখন চিপ প্রযুক্তি চুরির অভিযোগে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং দেশটি সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে উদ্যোগ নিয়েছে, তখনই এ বিনিয়োগের বিষয়টি সামনে এল। রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাত্কারে এ বিষয়ে অবগত একজন জানান, বিনিয়োগের আগে তাইওয়ান সরকারের অনুমতি না নেয়ায় প্রতিষ্ঠানটি চীনের সঙ্গে দ্বীপ রাষ্ট্রটির বিদ্যমান সম্পর্কের আইন লঙ্ঘন করেছে। চীনের প্রতিষ্ঠানে বড় বিনিয়োগের কারণে তাইওয়ানের নিয়ন্ত্রকরা ফক্সকনের ওপর বড় ধরনের জরিমানা আরোপ করতে চাইছে। যার পরিমাণ ২ কোটি ৫০ লাখ তাইওয়ান ডলার বলেও জানান তিনি।