বর্তমান সময়ে ক্লাউড গেমিং প্রযুক্তিবাজারে ভালো সাড়া ফেলেছে। আর এর গ্রহণযোগ্যতা আরো বাড়াতে সার্চ রেজাল্টের তথ্য থেকে এক ক্লিকে গেম খেলার ও স্ট্রিমিংয়ের পরীক্ষা চালাচ্ছে গুগল। স্টাডিয়া প্লাটফর্ম না হলেও গেম খেলা যাবে। খবর এনগ্যাজেট।
নার্ফ রিপোর্টের ব্রায়ান্ট চ্যাপেল প্রথম পরীক্ষার বিষয়টি শনাক্ত করেন। শুধু স্টাডিয়া নয়, নতুন ফিচারটি এক্সবক্স ক্লাউড গেমিং, এনভিডিয়া জিফোর্স নাউ এমনকি অ্যামাজন লুনাতেও কাজ করে। ব্যবহারকারীদের মধ্যে কেউ যদি এ পরীক্ষা কার্যক্রমে যুক্ত থাকেন তাহলে যেকোনো একটি প্লাটফর্মে কোনো গেমে সার্চ করার পর ইনফরমেশন প্যানেলে প্লে বাটন দেখতে পারবে। সেটিকে ক্লিক করার পর হয় গেমটি চালু হবে অথবা সংশ্লিষ্ট স্ট্রিমিং প্লাটফর্মে নিয়ে যাবে।
দ্য ভার্জ ও নাইনটুফাইভগুগলও ফিচারটির কার্যকারিতা দেখতে পেয়েছে। পরবর্তী সময়ে জানা যায়, যদি কোনো গেমের নির্দিষ্ট ট্রায়াল পিরিয়ড থাকে বা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকে তাহলেই গেমের প্লে বাটন সার্চ রেজাল্টে দেখা যাবে। গুগল যে নতুন এ ফিচারের পরীক্ষা চালাচ্ছে সেটি অবাক করার মতো কিছু নয়। কয়েক বছর ধরে সার্চ ইঞ্জিন জায়ান্টটি সার্চ রেজাল্টে চলচ্চিত্র বা টেলিভিশন শো স্ট্রিমিংয়ের বিষয়টি দেখিয়ে আসছে। উদাহরণস্বরূপ কোনো ব্যবহারকারীর কাছে যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে এবং স্ট্রেঞ্জার থিংস সার্চ করে তাহলে রেজাল্ট থেকেই এক ক্লিকের মাধ্যমে সেটি দেখা শুরু করতে পারবে। নতুন এ ফিচার আনলেও গুগল স্টাডিয়া বন্ধ হয়ে যাচ্ছে না। ধীরে ধীরে এতে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।










