বেটা ভার্সনে স্প্লিট কিবোর্ড মোড চালু করেছে গুগলের জিবোর্ড। নতুন এ মোড ভাঁজযোগ্য স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধা দেবে। আরেকটি প্রতিবেদনে বলা হয় ফিচারটি বেটার হালনাগাদ ভার্সনের সঙ্গে আসবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

জি ফোল্ড ডিভাইস ব্যবহারকারীদের জন্য স্প্লিট কিবোর্ড মোডটি একেবারে নতুন নয়। স্যামসাংয়ের কিবোর্ডে ফিচারটি আগেই এসেছে। তবে অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যারা জিবোর্ডের ইন্টারফেস ও অটো কারেকশন ফিচার প্রাধান্য দিয়ে থাকে তাদের জন্য স্প্লিট কিবোর্ড আলাদা সুবিধা হিসেবে যুক্ত হবে।

অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রথম স্প্লিট কিবোর্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। গ্যালাক্সি ফোল্ড সাবরেডিটের ব্যবহারকারীরা তাদের ডিভাইসে ফিচারটির উপস্থিতির বিষয়ে প্রথম জানান। স্প্লিট কিবোর্ড ফিচারটি স্যামসাংয়ের কিবোর্ড অ্যাপে এরই মধ্যে চালু রয়েছে। এটি গ্যালাক্সি জি-ফোল্ড অ্যাপের মতো স্মার্টফোনগুলোতে প্রিবিল্ট হিসেবেই আসে।

স্প্লিট কিবোর্ড হওয়ায় ভাঁজযোগ্য ডিভাইসের স্ক্রিনজুড়ে কিবোর্ড অবস্থান করবে। যারা এটি ব্যবহার করতে চায় তারা গুগল প্লে-স্টোরে অ্যাপ পেজটি পরিদর্শনের মাধ্যমে বেটা ভার্সনের জন্য সাইনআপ করতে পারবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, বেটার ১১.৯.০৪ ভার্সনে ফিচারটি চালু করা হবে। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের অন-স্ক্রিন কিবোর্ডের ওপর থাকা টুলবারে স্প্লিট কিবোর্ড দেখতে পারবেন। সেখানে ক্লিক করার মাধ্যমেই এটি ব্যবহার করা যাবে। ক্লিক করার পর কিবোর্ডটি দুভাগ হয়ে যাবে এবং দুটিকে পুনরায় যুক্ত করার জন্য আলাদা আইকনও থাকবে।