সারফেস ডিভাইসের মাধ্যমে প্রযুক্তি বাজারে ভালো সাড়া পেয়েছে মাইক্রোসফট। এ সফলতার অংশ হিসেবে আরো তিনটি ডিভাইস উন্মোচন করল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। নতুন ডিভাইসগুলোর মধ্যে একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট ও একটি ডেস্কটপ পিসি। খবর জিএসএমঅ্যারেনা।
সম্প্রতি সারফেস ট্যাবলেটের এক দশক পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে সারফেস ল্যাপটপ ৫, সারফেস প্রো ৯ কনভার্টিবল ট্যাবলেট ও অল-ইন ওয়ান পিসি সারফেস স্টুডিও ২+ প্রদর্শন করেছে এ প্রযুক্তি জায়ান্ট।
সারফেস প্রো ৯ ট্যাবলেট আর ১৩ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সারফেস ল্যাপটপ ৫—উভয়েরই দাম ১ হাজার ডলার থেকে শুরু। কিন্তু সারফেস স্টুডিও ২+-এর সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪ হাজার ৩০০ ডলার।
তিনটি ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ দেয়া হয়েছে। ২৫ অক্টোবর বিশ্বের নির্দিষ্ট কয়েকটি বাজারে নতুন সারফেস ডিভাইসগুলোর বাজারজাত শুরু হবে। এর এক মাস পর থেকে গ্রাহকরা সেগুলো কিনতে পারবেন।
সারফেস প্রো ৯ ট্যাবলেট কম্পিউটারে ইনটেলের দ্বাদশ প্রজন্মের কোর প্রসেসর দেয়া হয়েছে। এতে ১২০ হার্টজের ১৩ ইঞ্চির ডিসপ্লে আছে। তবে প্রো ৯-এর ৫জি সংস্করণে কোনো থান্ডারবোল্ট পোর্ট দেয়া হয়নি। একবারের চার্জে ১৯ ঘণ্টা চলবে ট্যাবলেটটির ৫জি সংস্করণ। এর আগের সংস্করণ সারফেস প্রো ৮ একবারের চার্জে চলত ১৬ ঘণ্টা। স্টোরেজ ভেদে ডিভাইসটির দাম ১ হাজার থেকে ১ হাজার ৯০০ ডলার।
দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরসহ বাজারে সারফেস ল্যাপটপ ৫-এ আনা হয়েছে। ১৩ দশমিক ৫ ও ১৫ ইঞ্চি স্ক্রিনের দুটি সংস্করণে ডিভাইসটি কেনা যাবে। দুটি ভার্সনেই টাচস্ক্রিন আছে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, একবারের চার্জে ডিভাইসগুলো ১৭ ঘণ্টা চলবে। থান্ডারবোল্ট ৪ পোর্ট আছে সারফেস ল্যাপটপ ৫-এ। সিনেমা দেখা বা টিভি শো স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরো ভালো করার জন্য সারফেস ল্যাপটপ ৫-এ ‘ডলবি ভিশন আইকিউ’
এবং ‘ডলবি অ্যাটমস’
ফিচার রেখেছে মাইক্রোসফট। স্টোরেজ ভেদে ডিভাইসগুলোর দাম হবে ১ হাজার থেকে ২ হাজার ৪০০ ডলার।
২০১৮ সালে মাইক্রোসফট প্রথম সারফেস স্টুডিও ২ পিসি উন্মোচন করেছিল। এর উত্তরসূরি হিসেবে বাজারে সারফেস স্টুডিও ২+ আনা হয়েছে। কম্পিউটারটির ২৮ ইঞ্চির টাচস্ক্রিনটি বসানো হয়েছে একটি জিরো গ্র্যাভিটি হিঞ্জের ওপর, ফলে ইচ্ছেমতো ডিসপ্লে ওপরে ওঠাতে বা নামাতে পারবেন ব্যবহারকারী। ডিভাইসে ইন্টেলের একাদশ প্রজন্মের কোর এইচ-৩৫ প্রসেসর দেয়া হয়েছে। ব্যবহারকারী একই সঙ্গে ডিসপ্লেকে চারটি আলাদা অ্যাপ উইন্ডোতে বিভক্ত করে ব্যবহার করতে পারবেন। ইউএসবি-সি পোর্ট এবং থান্ডারবোল্ট পোর্ট- দুটোই আছে অল-ইন ওয়ান কম্পিউটারটিতে। তবে আগের সংস্করণের তুলনায় সারফেস স্টুডিও ২+-এর দাম বেড়েছে ২২ শতাংশ। সারফেস স্টুডিও ২-এর দাম ছিল ৩ হাজার ৫০০ ডলার।










