শিশুদের জন্য বিশ্বের অন্যতম গেমিং প্লাটফর্ম রবলক্স তাদের প্লাটফর্ম থেকে দুটি গেম সরিয়ে দিয়েছে। এসব গেমে অংশগ্রহণকারীরা বা খেলোয়াড়রা রাশিয়া বা ইউক্রেনের পরিচয় ধারণের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করত ও একে অন্যকে হত্যা করত। খবর বিবিসি।

দুটি গেমের মধ্যে একটির নাম ওয়ার অন লারকিভ: ইউক্রেন। রবলক্সের ডিসকভারি সেকশনে এটি গেমারদের দেখানো হয়েছিল। দুই সপ্তাহের ব্যবধানে গেমটিতে ৯০ হাজারের বেশি গেমার অংশ নিয়েছিল। রবলক্স জানায়, গেম দুটি তাদের কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে এবং বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করার ৪ ঘণ্টার মধ্যে প্লাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে।

ওয়ার অন লারকিভ মূলত একটি কাল্পনিক শহর। মূলত খারকিভের আদলে এটি তৈরি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর বোমাবর্ষণের কারণে ইউক্রেনের শহরটিতে কয়েকশর বেশি মানুষ নিহত হয়েছে।

অন্য গেমটি ব্যাটল ফর ইউক্রেন নামে পরিচিত। রবলক্সের ওয়েবসাইটে এটি কয়েক মাস অবস্থান করেছে। গেমটি খেলোয়াড়দের মারিওপোলসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বোমাবর্ষণ দেখায়। চলতি বছরের শুরুতে শহরগুলো রাশিয়ান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় এবং যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রতিদিন ৫ কোটির বেশি খেলোয়াড় রবলক্সে প্রবেশ করে মিনি গেমস খেলে ও নতুন অভিজ্ঞতা অর্জন করে। যাদের অধিকাংশই শিশু। নতুন অভিজ্ঞতার মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলোকে হোম স্ক্রিনের মাধ্যমে রবলক্সের খেলোয়াড়দের দেখানো হয়ে থাকে। বাকিগুলো সার্চ করার মাধ্যমে খুঁজে পেতে হয়। খেলোয়াড়দের সামনে উপস্থাপনের কারণে ও ব্যবহারকারীদের ৭১ শতাংশ রিভিউ স্কোরের কারণে ওয়ার অন লারকিভ: ইউক্রেন বেশ জনপ্রিয়তা পায়।