দেশীয় ৩০টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোগে ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসবের পঞ্চম আসর শুরু হলো। গতকাল দুপুরে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উৎসব উদ্বোধন করা হয়। ২৫ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে।

উৎসবে অনলাইন কেনাকাটায় নানা রকম ডিসকাউন্ট, উপহার, ফ্রি ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে আজকেরডিল ও ডেলিভারি টাইগারের প্রধান ফাহিম মাশরুর বলেন, সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে এ মেলার আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ই-কমার্স সম্পর্কে জনগণের মধ্যে আস্থাহীনতা দূর করার পাশাপাশি এটি জনসচেতনতা তৈরি করবে। এবারের উৎসবের স্লোগান দেশের টাকা দেশেই থাকুক।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার সংকট। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নানাভাবে, বৈধ ও অবৈধ উপায়ে বিদেশে চলে যাচ্ছে। কিছু কিছু অনলাইন প্লাটফর্মের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করছে। দেশের নীতিনির্ধারক, ই-কমার্স শিল্পোদ্যোক্তা ও ভোক্তাদের এ ব্যাপারে ভূমিকা নেয়া উচিত।

অনুষ্ঠানে বেসিসের নির্বাহী পরিচালক ঈশা মাইনুদ্দিন বলেন, দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিদেশী বড় বড় প্রতিষ্ঠানের মোকাবেলা করতে পারবে, যদি তারা একসঙ্গে কাজ করতে পারে এবং ভোক্তাদের আরো ভালো অভিজ্ঞতা দিতে পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যাচাই ডটকমের প্রধান আব্দুল আজিজ, ওয়ালকার্টের চিফ অপারেটিং অফিসার শওকত এলাহী, পাঠাও ফুডসের নাজমুল হক, বই ফেরির স্বত্বাধিকারী মোতাহের হোসেন, বিডি শপের প্রধান জাকির হোসেনসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।