সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কমায় বড় ধরনের সমস্যার মুখে চীন। এপ্রিলে দেশটির চিপ উৎপাদন ১২ দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৫৯০ কোটি ইউনিটে এসেছে। ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় যা সবচেয়ে কম। খবর আইএএনএস।

পরিচালনগত সমস্যার পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের বৈরিতায় দেশটির বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথমবারের মতো চীনের মাসিক চিপ উৎপাদন সর্বনিম্নে চলে এসেছে। মূলত সাংহাইসহ দেশটির অন্যান্য শহরে কভিড-১৯ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ গাড়ি থেকে শুরু করে রোবটের উৎপাদনও ব্যাহত করেছে।

সাংহাই অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, এপ্রিলে কোনো গাড়িই বিক্রি হয়নি। যেখানে আগে শহরে প্রতিদিন চার হাজারের বেশি বিক্রি হতো। ২০২১ সালের এপ্রিলে স্থানীয় পর্যায়ে চিপ উৎপাদন ২৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৮৬০ কোটি ইউনিটে পৌঁছেছিল। অন্যদিকে চলতি বছরের প্রথম চার মাসে চিপ আমদানিও উল্লেখযোগ্যভাবে কমেছে। আগামী ১ জুন থেকে সাংহাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

সম্প্রতি মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তথ্যানুযায়ী, কভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে ১৬টি জেলার ১৫টিকে কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করে দেয়া হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে ক্লোজড অব ম্যানেজমেন্ট এলাকায় অবস্থানরত অধিবাসীর সংখ্যা ১০ লাখের বেশি নয়। পাশাপাশি কভিড-১৯-এর সংক্রমণও নিয়ন্ত্রণে আনা হয়েছে।