নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। বাংলালিংকের সিইও এরিক অস ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং এ চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল বাংলালিংকের প্রধান কার্যালয়ে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার, নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসনাত রেজা মাহবুব আলম এবং প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কেএম জাকারিয়া। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল অফিসার কেভিন স্যু, চিফ অপারেটিং অফিসার তাও গুয়াংইয়াও এবং অ্যাকাউন্ট ডিরেক্টর মিজানুর রহমান খান চৌধুরী।

চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে বাংলালিংকের ফোরজি কাভারেজ বৃদ্ধি ও নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর জন্য হুয়াওয়ের উন্নত নেটওয়ার্ক সামগ্রী ও প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করা হবে। বাংলালিংক সম্প্রতি মোট স্পেকট্রামের পরিমাণ ৮০ মেগাহার্জে উন্নীত করেছে, যা দেশব্যাপী ফোরজি সম্প্রসারণের প্রচেষ্টায় সহায়ক হবে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, সারা দেশে দ্রুতগতির ইন্টারনেট ও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ প্রচেষ্টায় হুয়াওয়ের মতো বিশ্বমানের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, তাদের প্রযুক্তিগত সহায়তা ও নতুন স্পেকট্রাম নিয়ে আমরা দুই অংকের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সক্ষম হব।