চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন বাজারের শীর্ষে ছিল স্যামসাং। বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৭ দশমিক ৭ শতাংশ বাজার হিস্যা অর্জন করতে সক্ষম হয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার মূলে ছিল এর গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। বিশেষ করে গ্যালাক্সি এ১৩, গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ০৩ কোরের মতো এন্ট্রি-লেভেলের ডিভাইসগুলোর আশানুরূপ সাড়া স্যামসাংকে শীর্ষে উঠে আসতে সহায়তা করেছে।

অন্যদিকে প্রিমিয়াম ক্যাটাগরিতে নতুন উন্মোচিত হওয়া গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহকদের চাহিদা ছিল ঊর্ধ্বমুখী। প্রবৃদ্ধি অর্জনে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজার ৭ শতাংশ হারে কমলেও স্যামসাং স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, মোট স্মার্টফোন রফতানির মাত্র ৯ শতাংশ হলো ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্ট ডিভাইস। তবে চলতি বছর মিড ও হাই রেঞ্জের ফাইভজি সমর্থিত ডিভাইসগুলোর রফতানি বাড়বে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ক্রেতাদের চাহিদা ও পরিবর্তনশীল লাইফস্টাইলকে বিবেচনায় রেখে স্যামসাং প্রতি বছর নিত্যনতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে আমরা যে সাফল্য অর্জন করেছি, তাতে আমরা খুশি।