পৃথিবীর বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাভার্সে যুক্ত হওয়ার জন্য উদগ্রীব হলেও এখনো অনেক মানুষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এ কথা জানান। এমনকি কাউকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলেও উত্তর দিতে পারবে না বলেও জানান তিনি। খবর আইএএনএস।

কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির প্রধান বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। ডাচ সংবাদমাধ্যম ব্রাইটের সঙ্গে আলাপকালে টিম কুক এ কথা জানান। তিনি বলেন, ভার্চুয়াল রিয়েলিটির আলাদা ব্যবহার রয়েছে। কিন্তু একজন মানুষের সম্পূর্ণ জীবন প্রযুক্তিকেন্দ্রিক হওয়া উচিত নয়। কুক বলেন, কোনো কিছু সম্পর্কে মানুষ যেন পরিষ্কারভাবে জানতে পারে সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষই মেটাভার্স কী সে সম্পর্কে কিছুই বলতে পারবে না।

অ্যাপল প্রধান বলেন, মেটাভার্সে যে কেউ যুক্ত হতে পারবে এবং ভালো উপায়ে এটি ব্যবহার করা যায়। তবে আমার মনে হয় না কারো পুরো জীবন এটি কেন্দ্রিক হওয়া উচিত। অ্যাপল এখনো মেটাভার্সের সঙ্গে যুক্ত হয়নি। তবে প্রযুক্তি জায়ান্টটি নিজস্ব মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট তৈরিতে কাজ করছে, যেটি শিগগিরই বাজারজাত করা সম্ভব হবে। অগমেন্টেড রিয়েলিটি (এআর) সম্পর্কে কুক বলেন, প্রযুক্তিটি শিগগিরই সবকিছুকে প্রভাবিত করবে।

ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। তবে এটি যোগাযোগ স্থাপনের কোনো মাধ্যম হতে পারে না বলে জানিয়েছেন তিনি। অ্যাপলের সিইও প্রোগ্রামিংয়ের গুরুত্বকেও তুলে ধরেন। তার মতে, প্রোগ্রামিং হচ্ছে সার্বজনীন ভাষা। আর যে কারো জন্য এ ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ।

ন্যাটিভ বা মাতৃভাষায় যোগাযোগ করাটা গুরুত্বপূর্ণ হলেও কুকের মতে, প্রোগ্রামিং ভাষা জানা থাকলে যে কেউ তার সৃজনশীলতার পরিধি বাড়াতে পারবে। এটি একজন মানুষের চিন্তাশক্তিকে দক্ষতায় পরিণত করে।