চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের অ্যাপ স্টোরে গেমস ও অন্যান্য অ্যাপের মোট ডাউনলোড ৩ হাজার ৫০০ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাপ ডাউনলোডের পরিমাণ গেমসের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ফলে গেমস ব্যতিরেকে অন্যান্য অ্যাপের পেছনে বেশি ব্যয় করছেন ভোক্তারা। খবর ইকোনমিক টাইমস।
সেন্সর টাওয়ারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমস বহির্ভূত অন্যান্য অ্যাপে ভোক্তা ব্যয় দ্বিগুণ হারে বেড়েছে। অ্যাপগুলোয় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বার্ষিক ব্যয় প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে এপ্রিল-মে প্রান্তিকে গেমস বহির্ভূত অন্যান্য অ্যাপ থেকে মোট আয় দাঁড়িয়েছে ৩৪০ কোটি ডলার। মোবাইল গেমস থেকে আয় দাঁড়িয়েছে ৩৩০ কোটি ডলার।
সেন্সর টাওয়ারের অন্য এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় গেমস ও অন্যান্য অ্যাপ ডাউনলোড ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৫০০ কোটিতে পৌঁছেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপগুলোয় মোট ব্যয়ের অর্ধেক আসে গেমস বহির্ভূত অ্যাপগুলো থেকে। সংশ্লিষ্টরা জানান, সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়ায় আয়ও বেড়েছে। তথ্যানুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪০০টি অ্যাপের মোট ভোক্তা ব্যয় দাঁড়িয়েছে অন্ততপক্ষে ১০ লাখ ডলার। ২০১৬ সালের একই সময়ে অ্যাপ ডাউনলোডের সংখ্যা ছিল মাত্র ৫০টি। সে তুলনায় আয় বেড়েছে ৯০০ শতাংশ।










