আগামী বছরের প্রথমার্ধে মহাকাশে ইন্টারনেট স্যাটেলাইট উেক্ষপণ করবে অ্যামাজন। এগুলো প্রজেক্ট কাইপারের প্রথম দুটো প্রটোটাইপ স্যাটেলাইট।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রজেক্ট কাইপারের মাধ্যমে সরাসরি স্পেসএক্সের স্টারলিংক ও ওয়ানওয়েবের স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামার পরিকল্পনা করেছে অ্যামাজন।
২০২২ সালের শেষ নাগাদ প্রজেক্ট কাইপারের প্রথম স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানোর পরিকল্পনা থাকলেও সে অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। ভার্জ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর সময় নয় পাশাপাশি রকেটও পরিবর্তন করেছে অ্যামাজন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামাজন জানায়, প্রকল্পের প্রথম দুই প্রটোটাইপ স্যাটেলাইট কাইপারস্যাট-১ এবং কাইপারস্যাট-২ আগামী বছরের প্রথম ভাগেই মহাকাশে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক রকেট নির্মাতা কোম্পানি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভালকান সেন্টর রকেট স্যাটেলাইটগুলো মহাকাশে নিয়ে যাবে। প্রথম পরিকল্পনায় এবিএল স্পেস সিস্টেমসের রকেটে ব্যবহারের কথা ছিল।
অ্যামাজন জানায়, প্রটোটাইপ স্যাটেলাইটগুলোর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যে তথ্য সংগ্রহ করা হবে, তা বাণিজ্যিক স্যাটেলাইট সিস্টেমের নকশা, উেক্ষপণ ও পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করতে সহায়ক হবে।










