পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের পেটেন্ট আবেদন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিভাগ। খবর বিবিসি।

পেটেন্টের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন বা আবিষ্কারের বিষয়টি পরিচিতি পায়। সম্প্রতি একটি আইপিও কনসালটেশন প্রতিষ্ঠান জানায়, অনেক বিশেষজ্ঞের ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে মানুষের সহায়তা ছাড়াই নতুন কিছু উদ্ভাবন বা আবিষ্কার করতে সক্ষম। দেশটির সরকার জানায়, বর্তমানে প্রচলিত আইনের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় মানুষ কোনো কিছু উদ্ভাবন করলে সেগুলোর পেটেন্ট আবেদন গ্রহণ করা হচ্ছে।

গত বছর যুক্তরাজ্যের আপিল আদালত স্টিফেন থালেরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। সে সময় তিনি ফুড কনটেইনার ও ফ্ল্যাশিং লাইট তৈরির জন্য তার ডাবুস কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমকে উদ্ভাবকের পেটেন্ট দেয়ার আবেদন করেছিলেন। বিচারকদের অধিকাংশ আইপিও প্রতিষ্ঠানের পাশাপাশি এ উদ্ভাবনের জন্য ব্যক্তিকে তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন।

রায়ে নারী বিচারক লাইং জানান, একজন ব্যক্তি বা মানুষ পেটেন্ট আবেদন তথা উদ্ভাবনের স্বীকৃতি পাবেন, কোনো মেশিন নয়। একটি পেটেন্ট বিধিবদ্ধ অধিকার এবং এটি শুধু একজন ব্যক্তিকে দেয়া সম্ভব। কিন্তু আইপিও জানায়, আমাদের আইপি সিস্টেম ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকল্পিত উদ্ভাবনগুলোকে কীভাবে রক্ষা করবে তা বুঝতে হবে। পাশাপাশি যুক্তরাজ্যকে প্রতিযোগিতামূলক রাখার লক্ষ্যে আন্তর্জাতিক আলোচনা এগিয়ে নেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

২০২১ সালের জুলাইয়ে থালেরের আরেকটি মামলায় অস্ট্রেলিয়ার আদালত পেটেন্ট আবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উদ্ভাবক হিসেবে গ্রহণ করার বিষয়ে রায় দিয়েছিলেন। এর কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাও একই রায় দিয়েছিলেন। কেননা বর্তমানে ইন্টারনেট থেকে সংগৃহীত বিপুল ডাটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও সিস্টেমগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়।

সম্প্রতি আইপিও কপিরাইট আইন পরিবর্তনে পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ও ডাটা মাইনিংয়ের কৌশলগুলোর উন্নয়নে এ উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে। এসব কাজের স্বত্বাধিকারীরা নিয়ন্ত্রণ ও প্রবেশ বাবদ আলাদা ফি গ্রহণ করতে পারবেন। কিন্তু মাইনিংয়ের জন্য পুনরায় অর্থ আদায় করতে পারবে না। বর্তমানে অনেক মানুষ ডিএএলএল.ই২-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করছে, যা মানুষের শিল্পকর্মের মতো ছবি তৈরি করতে পারে।