অপটাসে বড় ধরনের সাইবার হামলা সংঘটিত হওয়ার দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়ার অন্যতম টেলিকম ফার্ম টেলস্ট্রার ডাটাবেজে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

টেলস্ট্রার ১ কোটি ৮৮ লাখ গ্রাহক রয়েছে, যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশ। প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় একটি পক্ষ ডাটাবেজে অনুপ্রবেশের মাধ্যমে ২০১৭ সালে কর্মরতদের কিছু তথ্য বেহাত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, টেলস্ট্রার অভ্যন্তরীণ এক কর্মীর ই-মেইল আগের ও বর্তমানের প্রায় ৩০ হাজার কর্মীর সংরক্ষিত তথ্যে প্রভাব ফেলেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, যেসব তথ্য চুরি হয়েছে, সেগুলোর মধ্যে নাম ও ই-মেইল রয়েছে। অপটাসে হামলার পরিপ্রেক্ষিতে কোনো কিছু লাভের আশায় টেলস্ট্রার ডাটাবেজে এ হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। এ হামলায় কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কবে নাগাদ হামলা করা হয়েছিল, সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গত ২২ সেপ্টেম্বর সাইবার হামলার কারণে অপটাসের এক কোটির বেশি গ্রাহকের তথ্য চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ, অর্থনৈতিক ও সরকারি বিভাগগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফাঁসকৃত তথ্যের মধ্যে বাসার ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। অপটাসের মালিকানা প্রতিষ্ঠান সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন জানায়, তারা হামলায় সম্ভাব্য ক্ষতির পরিমাণ শনাক্তের চেষ্টা করছে।

দেশটির সরকারের ধারণা, নিরাপত্তার সাধারণ কিছু বিষয়ে ঘাটতি থাকায় এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। যে কারণে সরকার প্রতিষ্ঠানটিকে আধুনিক হামলার বিষয়ে না জানানোর জন্য এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তথ্য সংরক্ষণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় সমালোচনা করছে।