ই-মেইল মার্কেটিং জায়ান্ট মেইলচিম্পে সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশের মাধ্যমে হ্যাকাররা ১০০ গ্রাহকের ক্রিপ্টো ওয়ালেটসংক্রান্ত তথ্য চুরি করেছে। খবর গ্যাজেটসনাউ।
ক্রিপ্টোকারেন্সি প্লাটফর্মের ব্যবহারকারীদের ওপর হামলা পরিচালনায় এসব তথ্য ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। মেইলচিম্পের ব্যবহারকারী ট্রেজর হার্ডওয়্যার ক্রিপ্টোকারেন্সি এক টুইট বার্তায় জানায়, তারা অত্যাধুনিক ফিশিং হামলার শিকারে পরিণত হয়েছে। অভ্যন্তরীণ সাইবার হামলার কারণে মেইলচিম্পের পরিষেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ফিশিং হামলায় ব্যবহূত ডোমেইনটি বন্ধ করা সম্ভব হয়েছে। এ হামলায় কী পরিমাণ গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিউজলেটারের মাধ্যমে যোগাযোগ বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়।
মেইলচিম্পের নিরাপত্তা দল জানায়, একজন হ্যাকার কাস্টমার সাপোর্ট ও অ্যাকাউন্ট পরিচালনায় ব্যবহূত অভ্যন্তরীণ টুলে প্রবেশের মাধ্যমে তথ্য হাতিয়ে নিয়েছে। মেইলচিম্পের কর্মীদের ওপর পরিচালিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার মাধ্যমে হ্যাকার টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে বলে জানা গিয়েছে।
ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট জানায়, হামলার ধরন একেবারেই আলাদা এবং উচ্চপর্যায়ের তথ্য চুরির জন্যই এটি পরিচালিত হয়েছিল। ফিশিং অ্যাপ্লিকেশনটি ট্রেজর স্যুটের নকল ভার্সন এবং এর সঙ্গে ওয়েব ভার্সনও যুক্ত ছিল।
দ্য ভার্জের কাছে দেয়া এক বিবৃতিতে মেইলচিম্পের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার সিওভান স্মিথ বলেন, গত ২৬ মার্চ সাইবার হামলা চালানোর পর পরই প্রতিষ্ঠান সতর্ক হয়ে গিয়েছিল। বিশেষ করে কাস্টমার সাপোর্ট ও অ্যাকাউন্ট পরিচালনায় যে টুল ব্যবহার করা হতো সেটিতে অনধিকার প্রবেশ শনাক্তের পর পরই।










