প্রেমের পর প্রেম

 সময় আসবে

যখন, উত্সাহে উদ্দীপনায়,

নিজেকেই স্বাগত জানাবে নিজের

দরজায়, আর তোমার আরশির সামনে পৌঁছে,

প্রত্যেকে হাসবে অপরের স্বাগত সম্ভাষণে,

 

আর বলবে, বসো এখানে। খাও।

আবারো অচিন লোকটাকেই ভালোবাসবে তুমি, যে তোমার সত্তা।

দাও মদ। দাও রুটি। তোমার হূদয়কে যেতে দাও

নিজেরই কাছে, ওই অচিন লোকটারই কাছে, যে ভালোবেসেছে

 

সারাটা জীবন, যাকে অবহেলা করেছিলে

অন্যের জন্যে, যে তোমাকে হূদয়ের গভীর থেকে চেনে।

বুকশেলফ থেকে নামিয়ে আনো ওই প্রেমের পত্রগুলি,

 

ওই ছবিগুলি, বেপরোয়া চিরকুটগুলি,

আরশি থেকে তোমার নিজের ছবিটা ঘষে ঘষে তুলে ফেল।

বসো। তোমার জীবনকেই তৃপ্তিসহ করো উপভোগ।

 

গুটিয়ে ফেলা

 আমি বাস করি জলের উপর,

একা। বউ ছেলেমেয়ে ছাড়াই।

আমি সমস্ত সম্ভাবনা যাচাই করে দেখেছি

তারপরই এসেছি এখানে:

ধূসর জলের কিনারে একটি নিচু বাড়ি

জানালাগুলো যার সবসময় খোলা

একঘেয়ে সাগরের দিকে। আমরা এসব বেছে নিইনি,

 

তবে আমরা যা নির্মাণ করেছি, তা-ই তো আমরা।

লোকসান দিয়েও সহ্য করি, বছরগুলো গড়িয়ে যায়,

আমরা মালামাল খালাস করি, তবে আমাদের এই ঘাড়ের বোঝা

খালাসের কথা ভাবি না। ভালোবাসা এক পাথর

যা ঘোলা জলের নিচে একেবারে

সাগর-তলায় নিয়েছে আশ্রয়। এখন আমি আর কবিতার কাছে

কিছুই খুঁজি না, সত্যিকারের অনুভূতিটুকু ছাড়া

না করুণা, না খ্যতি, না স্বস্তি। নীরব দয়িতা আমার

ধূসর জলের দিকে চেয়ে বসে থাকতে পারি আমরা,

 

আর মাঝারিগোছের প্রতিভা আর তুচ্ছ ছাইপাঁশে

ভেসে যাওয়া এক জীবনে

পাথরের মতোই আমরা বেঁচে থাকতে পারি

 

আমি আমার অনুভূতিগুলো ভুলে যাবো,

ভুলে যাবো আমার প্রতিভাও। জীবনে যা কিছু ঘটছে

তাদের মাঝে এ কাজটাই যে অধিক মহত্, অধিক কঠিন।

অনুবাদ : রথো রাফি