দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন এখন কাজ করেন টিভি ধারাভাষ্যকার হিসেবে। চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কাভার করতে তিনি এখন পাকিস্তানে। কাছ থেকেই দেখছেন আফগানিস্তানের উন্নতিটা। তিনি মনে করেন, এক দশকের মধ্যে যেকোনো আইসিসি টুর্নামেন্ট জিতে নেবে এশিয়ার এ দেশটি। তবে এটি করতে তাদের ব্যক্তিগত ও দলগতভাবে আরেকটু ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
লাহোরে জমজমাট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েও সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান। তারা প্রথম ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। সর্বশেষ শুক্রবার লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে বিপদে পড়ে হাশমতুল্লাহ শহিদির দল। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কল্যাণে ম্যাচে ১ পয়েন্ট পেলেও তা আফগানদের সেমির টিকিট এনে দেয়ার জন্য যথেষ্ট না। দক্ষিণ আফ্রিকা আগেই দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে তাদের চেয়ে এগিয়ে রয়েছে।
আফগানদের নিয়ে স্টেইন বলেন, ‘অতীতের দিনগুলোতে অনেক খেলোয়াড়ই কিন্তু কাউন্টি ক্রিকেট খেলতে যেতেন। কিংবা স্কিল ও ধৈর্য বাড়াতে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেন। আমরা এখন এমন একটি সময় পার করছি যখন কিনা মানুষজনের মধ্যে ধৈর্য খুবই কম। ইনস্টাগ্রামের কোনো স্টোরি আমরা ২ সেকেন্ডও দেখতে চাই না। আফগানরা যখন ক্রিকেট খেলে তখন আমি এ জিনিসটাই দেখি। তারা খুব তাড়াতাড়ি সবকিছু চায়। এই বলে অবশ্যই উইকেট আসবে, যদিও তখন তাদের ধৈর্যের অভাব দেখা যায়। ব্যাটিংয়ের বেলায়ও এ চিত্রটা দেখা যায়, তারা প্রথম ওভার থেকেই ব্যাটিং করে। উইকেটে অনেক ব্যস্ত থাকে তারা, হয়তো ছক্কা মারতে কিংবা ম্যাচকে দ্রুত সামনে এগিয়ে নিতে চায় তারা।’
তিনি আরো বলেন, ‘আমি জানি তারা অনেকেই বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ায়। এটা খুবই ভালো ব্যাপার। এটা তাদের পকেটের জন্য যেমন ভালো, তেমনি শেখার জন্যও। হয়তো চারদিনের ক্রিকেটে আরো সময় কাটালে তাদের জন্য ভালো হবে, কারণ ওয়ানডে ক্রিকেট তো টেস্ট ম্যাচেরই সংক্ষিপ্ত ভার্সন। টি-টোয়েন্টির সময় এক রকম মেজাজ। তবে ওয়ানডের ক্ষেত্রে বলব, তারা যদি ধৈর্য জিনিসটা রপ্ত করতে সমর্থ হয় তাহলে এক দশকের মধ্যেই আইসিসি টুর্নামেন্ট জিতে নেবে।’
ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও প্রশংসায় ভাসিয়েছেন আফগানিস্তান দলকে। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানদের উন্নতিতে তিনি মুগ্ধ। তিনি ব্যাটিংয়ে কিছু দুর্বলতা খুঁজে পাচ্ছেন, যাতে উন্নতি করতে পারলে দলটির ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন।
ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। যদিও সাদিকুল্লাহ আতাল অস্ট্রেলিয়া ম্যাচে তার ৮৫ রানের ইনিংসটা বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। তেমনি দলের সেরা ব্যাটার খ্যাত রহমানুল্লাহ গুরবাজ তিন ম্যাচ মিলে করেছেন ১৬ রান।
ওয়াসিম জাফর বলেন, ‘আফগানিস্তানের অগ্রগতি হচ্ছে। আপনাকে এখন তাদের প্রশংসা করতেই হবে, কারণ তারাও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। তারা অনেক ভালো ভালো দলকে হারায় এবং তারা যখন কাউকে হারায় সেটা আর এখন মোটেও অঘটন নয়। কাজেই আপনি আশা করতেই পারেন যে আফগানরা ভালো করবে।’
তিনি আরো বলেন, ‘প্রথম ম্যাচ যেভাবে শুরু করেছে তাতে তারা হতাশ হতেই পারে। এমন ছোট টুর্নামেন্টে শুরুটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি খুব বেশি সুযোগ পাবেন না। একটি ম্যাচে হারলে তাতে আপনি বিদায় নিলেন। এমনটাই ঘটল। তাদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। আমরা বলি তারা বড় রান তাড়া করতে পারে না। তাদের ৩, ৪ ও ৫ নম্বর ব্যাটারকে ভালো করতে হবে। রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদিকে রান পেতে হবে।’
চ্যাম্পিয়নস ট্রফির ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে আফগানিস্তান। গতকাল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় রশিদ খান, মোহাম্মদ নবিদের দল।










