জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। কোলন ক্যান্সারের জন্য চলমান কেমোথেরাপি কাজ না করায় তাকে হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ক্যান্সারের অবস্থা পর্যবেক্ষণে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় ৮২ বছর বয়সী এ খেলোয়াড়কে। দেশটির গণমাধ্যমগুলোর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, কেমোথেরাপি বন্ধ রয়েছে। তার শরীর এ চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছে না।
এর আগে গতকাল শুক্রবার পেলের সবশেষ মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, শ্বাসতন্ত্রে প্রদাহের জন্য তাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
বৃহস্পতিবার নিজেই হাসপাতালে ভর্তির খবর ভক্তদের জানান পেলে। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে লেখেন, ‘মাসিক সফরে’ হাসপাতালে গিয়েছেন তিনি।










