অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াইশেষে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয় আমিরাতিরা। জবাবে  আমিরাতিদের শক্ত বোলিংয়ের মুখে চ্যালেঞ্জের মুখে পড়লেও ডাচরা এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।

 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শম্বুক গতির সূচনা করে আমিরাত। কোনো উইকেট না হারালেও পাওয়ার প্লের ৬ ওভার থেকে তারা মাত্র ৩১ রান তুলতে সমর্থ হয়। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান বোর্ডে যোগ করতে পেরেছে সিপি রিজওয়ানের দল। তাতে ২০ ওভারশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১১/৮। মুহাম্মদ ওয়াসিম ৪৭ বলে ৪১ রান করেন। পেস বোলার বাস ডি লিডি ১৯ রানে তিনটি ও ফ্রেড ক্লাসেন ১৩ রানে দুটি উইকেট নেন।

 

ছোট টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যে ২ উইকেট হারায় ডাচরা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন আমিরাতি বোলাররা। বিশেষ করে জুনায়েদ সিদ্দিক (৩/২৪) ডাচদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পর টিম প্রিঙ্গল ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিলে ৩০ বলে ২৭ রান তুলে নেদারল্যান্ডসকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩৬ বলে ৩৫ রান লাগতো ডাচদের। তবে সিঙ্গেল ও ডাবলসের ওপর নির্ভর করে ঠিকই তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্রিঙ্গল ১৫ রান করে সাজঘরে ফিরে গেলে লোগান ফন বিককে (৪*) নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান এডওয়ার্ডস (১৬*)।

 

টি২০ বিশ্বকাপে আগামীকাল সকালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, দুুপুরে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।