উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। বার্সেলোনা ও বেনফিকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে। এছাড়া লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ, লিভারপুল-পিএসজি এবং ইন্টার মিলান-ফেনুর্ড ম্যাচগুলো শুরু হবে রাত ২টায়।

প্রথম লেগে বেনফিকার মাঠে ১-০ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা। ম্যাচের ২২ মিনিটের সময় পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় পায় বার্সা। চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে এত আগেভাগে কেউ লাল কার্ড দেখার পরও সেই দলের জয় পাওয়ার নজির আর নেই। বার্সার জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে ২১ ম্যাচে এ নিয়ে ২০ গোলের সঙ্গে সম্পৃক্ততা থাকল তার। এর মধ্যে ১২ গোল করেছেন, অ্যাসিস্ট আটটি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেনফিকার সঙ্গে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে বার্সেলোনা। এ সময় তারা পাঁচটি জিতেছে, ড্র হয় বাকি চারটি ম্যাচ। পর্তুগিজ দলের সঙ্গে হোম ম্যাচে তারা অপরাজিত (দুটি জয় ও দুটি ড্র)।

চলতি মৌসুমে এরই মধ্যে বেনফিকাকে দুইবার হারিয়েছে বার্সেলোনা। গ্রুপ পর্বে ৫-৪ গোলে ও শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের জয় পায় কাতালানরা। যদিও ইউরোপে কোনো দলের কাছেই টানা তিন ম্যাচে হারেনি পর্তুগিজ ক্লাবটি।

বার্সার মাঠে চার ম্যাচ খেলে কখনো জিততে পারেনি বেনফিফা, এমনকি সর্বশেষ তিন ম্যাচে কোনো গোলও পায়নি তারা। এছাড়া বায়ার্ন মিউনিখের মাঠে সাতটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে পাঁচটি ম্যাচ খেলে জিততে পারেনি তারা।

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেনকে প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছে বায়ার্ন মিউনিখ। আজ রাতে লেভারকুসেনের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামছে বাভারিয়ানরা।

পিএসজির মাঠে ১-০ গোলের জয় পাওয়া লিভারপুল আজ দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে ঘরের মাঠে। প্রথম লেগে পিএসজি নিজেদের মাঠে অবিশ্বাস্য পারফর্ম করলেও জয় পায় লিভারপুল। ওই ম্যাচে পিএসজি মোট ২৭টি শট নেয়। এর মধ্যে লিভারপুল গোলকিপার অ্যালিসন নয়টি শট রুখে দিয়ে দলকে বাঁচিয়েছেন।

সে কথা মনে রেখেই লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, তার দলকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে মৌসুমের সেরা পারফরম্যান্সই প্রদর্শন করতে হবে।

ডাচ ক্লাব ফেনুর্ডের বিপক্ষে ২-০ গোলের লিড ঘরের মাঠে নিয়ে খেলতে নামছে ইন্টার মিলান। আর্জেন্টিনার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ও ফ্রান্সের মার্কাস থুরামের গোলে জিতেছে ইন্টার।