শেষ আট ওয়ানডে সিরিজে মাত্র একটিতে জয় ওয়েস্ট ইন্ডিজের। এর মধ্যে শেষ চারটি সিরিজে টানা হার, তিনটিতে হোয়াইওয়াশ। গত জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। আজ সোমবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে নিকোলাস পুরান বাহিনী। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩০১/৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। মায়ার্স ১০৫, শাই হোপ ৫১ এবং ৫৫ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন পুরান। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৫৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট।

জবাবে চার হাফসেঞ্চুরিতে ভর করে ১৭ বল হাতে রেখে ৩০২ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড (৩০৭/৫)। মার্টিন গাপটিলের ৫৭, ডেভন কনওয়ের ৫৬, টম লাথামের ৬৯ ও ড্যারিল মিচেলের ৬৩ রান কিউইদের জয়ের ভিত গড়ে দেয়। শেষ দিকে জেমস নিশামের ১১ বলে চারটি ছক্কা ও একটি চারে ৩৪ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় সফরকারীরা। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে জেন হোল্ডার ও ইয়ানিক ক্যারিয়াহ দুটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লাথাম। সিরিজ সেরা হয়েছেন অর্থডক্স স্পিনার স্যান্টনার। এর আগে টি২০তেও একই ব্যবধানে সিজির জিতেছিল ব্ল্যাকক্যাপস।