হংকংয়ের বিপক্ষে আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এ ফুটবলার। দেশে এসেই সমর্থকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন এ মিডফিল্ডার। যেখানে সবাইকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সাকসেসফুল হব। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।
এদিকে হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।
মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে দেশে আসেন। তখন সিলেট বিমানবন্দরে উপচে পড়া ভীড় ছিল। তার বাড়ি হবিগঞ্জও ছিল লোকে লোকারণ্য। জুন উইন্ডোতে হোম ম্যাচের সময় তার আগমন নিয়ে ছিল অনেক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে হামজার খেলা দেখেছেন বাবা-মা।










